শান্ত লন্ডন, দাঙ্গার বিস্তার ম্যানচেস্টার ও মধ্যাঞ্চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ভয়াবহ দাঙ্গা গতকাল বুধবার লন্ডনে কিছুটা শান্ত হয়ে এলেও ম্যানচেস্টার শহর এবং ইংল্যান্ডের মধ্যাঞ্চলের কয়েকটি এলাকায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। পুলিশের সংখ্যা আগের রাতের চেয়ে তিন গুণ করায় লন্ডন এখন পুলিশের নিয়ন্ত্রণে। এদিকে দাঙ্গা দমনে এই প্রথমবারের মতো যুক্তরাজ্যের মূল ভূখণ্ডে জলকামান ব্যবহারের অনুমতি পেয়েছে পুলিশ। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত এক হাজার ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, দাঙ্গা তিনি রুখবেন। জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রয়োজনে পুলিশকে রাবার বুলেট ব্যবহারের অনুমতি দেওয়া হবে।লন্ডনে গতকাল সহিংসতার পুনরাবৃত্তি না ঘটলেও দাঙ্গাবাজ তরুণেরা ম্যানচেস্টার ও বাণিজ্যিক এলাকা মিডল্যান্ডে তাণ্ডব চালিয়েছে। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার শহরে ব্যাপক লুটপাট চলে। সংঘবদ্ধ চক্র কয়েকটি জুতার দোকান এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির দোকানে ঢুকে লুটপাট করে। মেয়েদের পোশাকের একটি দোকান জ্বালিয়ে দেয়। ম্যানচেস্টারের প্রধান বিপণিবিতান আর্নডেল শপিং সেন্টারের একটি অংশ ভেঙে ভেতরে ঢুকে শত শত তরুণ লুণ্ঠনকারী। ওই বিপণিবিতানের প্রায় সব দোকানে লুটপাট চলে। গ্রেটার ম্যানচেস্টারের সহকারী প্রধান কনস্টেবল গ্যারি সেয়ান বলেন, ‘এটি নজিরবিহীন সহিংসতা। কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।’ পুলিশ একে গত ৩০ বছরের মধ্যে ভয়াবহ দাঙ্গা বলে আখ্যায়িত করেছে। মধ্য ইংল্যান্ডের ওয়েস্ট ব্রমউইচ ও ওলভারহ্যাম্পটনে দাঙ্গাকারীরা বিভিন্ন ভবনে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া পার্শ্ববর্তী নটিংহ্যামের একটি পুলিশ স্টেশনে বোমা নিক্ষেপ করা হয়। পুলিশ লুণ্ঠনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে মুখোশ পরা শত শত লুণ্ঠনকারী পুলিশকে তাড়া করে। এ সময় পুলিশ পিছু হটতে বাধ্য হয়। ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম নগর বার্মিংহামে গতকাল সহিংসতার সময় গাড়ির ধাক্কায় এশীয় বংশোদ্ভূত তিনজন নিহত হয়েছেন। তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহত ব্যক্তিদের বন্ধুরা জানায়, লুণ্ঠনকারীদের হাত থেকে তাঁরা দোকানপাট রক্ষা করার চেষ্টা করছিলেন। এদিকে লন্ডন শান্ত থাকলেও পরিস্থিতি থমথমে। লন্ডনের কোনো কোনো এলাকায় নিজেদের নিরাপত্তায় জনগণ রাস্তায় নেমেছে। পশ্চিম লন্ডনের সাউথ হলে অবস্থিত শিখদের একটি উপাসনালয়ের চারপাশে অবস্থান নেয় স্থানীয় লোকজন। তাঁরা জানান, লুটেরাদের হাত থেকে উপাসনালয় রক্ষা করতে সেখানে অবস্থান নিয়েছেন। লন্ডনের উত্তরাঞ্চলে এনফিল্ড এলাকায়ও একটি দল রাস্তায় অবস্থান নিয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানান, লুটেরাদের প্রতিহত করতে তাঁরা বদ্ধপরিকর। পুলিশের পরামর্শে লন্ডনের বেশির ভাগ এলাকায় দোকানপাট বন্ধ ছিল। পুলিশ সূত্র জানায়, শুধু লন্ডনে সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।লিভারপুলে গতকাল দ্বিতীয় দিনের মতো সহিংসতা চলে। এখানে অন্তত ২০০ জন তরুণ পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। লিভারপুলে দুই দিনে অন্তত ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ব্রিস্টল ও গ্লুসেস্টারসহ আরও কয়েকটি এলাকায় কিছু কিছু সহিংস ঘটনা ঘটে।জলকামান ব্যবহারের অনুমতি: প্রধানমন্ত্রী ক্যামেরন বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে জলকামান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সামাজিক অবস্থা ভেঙে পড়ার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ক্যামেরন মনে করেন, শুধু সামাজিক অবস্থা ভেঙে পড়েছে তা নয়, সমাজের একটি অংশ অসুস্থ হয়ে পড়েছে। কম বয়সীরাও হাসিমুখে এসব লুটপাটে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী ক্যামেরন সরকারি জরুরি কমিটি ‘কোবরা’র সঙ্গে গতকাল দ্বিতীয় দফায় বৈঠক করেছেন। লন্ডনের মেয়র বরিস জনসন পুলিশ বাহিনীতে বরাদ্দ কমানো এবং এই বাহিনীতে সদস্য সংখ্যা হ্রাসের ব্যাপারে সরকারকে সতর্ক করে দিয়েছেন। গত ৪ আগস্ট লন্ডনের টটেনহামের বাসিন্দা কৃষ্ণাঙ্গ যুবক মার্ক ডুগান একটি ট্যাক্সিক্যাবে করে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। পুলিশ ওই ট্যাক্সি থামিয়ে তল্লাশি শুরু করে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে ডুগানের বাদানুবাদ হয়। এ সময় পুলিশ গুলি ছুড়লে ডুগান নিহত হন। এর প্রতিবাদ জানাতে ৬ আগস্ট টটেনহামের একটি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। একপর্যায়ে পুলিশের সঙ্গে ক্ষুব্ধ জনতার সংঘর্ষ বাধে। শুরু হয় সহিংসতা। পরে তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। গতকাল চতুর্থ দিনের মতো এ সহিংসতা অব্যাহত ছিল। এএফপি, বিবিসি, এপি অনলাইন।