শান্তি আলোচনা সত্ত্বেও ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাবে হামাস
গত দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটনে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন দূত জর্জ মিশেল আজ শুক্রবার বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। তাঁরা উভয়েই দুই সপ্তাহ পরে আবার আলোচনা করতে সম্মত হয়েছেন। এদিকে এই আলোচনা সত্ত্বেও হামাস জঙ্গিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছে। হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, ১৩টি দল একযোগে ইসরায়েলে হামলা করবে। অন্যদিকে ইসরায়েলে ডানপন্থী রাজনৈতিক কর্মীরা ওয়াশিংটনের আলোচনার সমালোচনা করেছেন। আলোচনার পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মন্তব্য করেন, সহিংসতা নিরসনের জন্য এই প্রথমবারের মতো আব্বাস ও নেতানিয়াহুর সামনে সুযোগ এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আলোচনা সফল করতে উভয়পক্ষকেই যথেষ্ট ছাড় দিতে হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইহুদি বসতি সম্প্রসারণ বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন এবং গাজা উপত্যকা থেকে অবরোধ তুলে নেওয়ার কথা বলেছেন। আব্বাস আরও বলেছেন, তাঁদের উদ্দেশ্য হলো এমন একটি অবস্থানে পৌঁছানো, যেখানে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন স্বাধীন ও স্বতন্ত্র দেশ হিসেবে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবে। এদিকে আলোচনা চলাকালে আব্বাস যেমন ইসরায়েলের ইহুদি বসতি সম্প্রসারণ বন্ধের ওপর জোর দিয়েছেন, তেমনি নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তা রক্ষার ওপর জোর দিয়েছেন। তিনি আরও বলেছেন, ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে। নেতানিয়াহু ও আব্বাসের আলোচনার উদ্বোধন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি উভয়ের উদ্দেশে বলেছেন, সীমানা, নিরাপত্তা, জেরুজালেমের শরণার্থী, বসতি সম্প্রসারণসহ অনেক বিষয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন। তবে সব বিষয়ে ঐকমত্যে পৌঁছানোটা যথেষ্ট কঠিন বলে মনে করেন নেতানিয়াহু ও আব্বাস উভয়েই। আলোচনা সফল হলে এক বছরের মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিন একটি চুক্তিতে পৌঁছাতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মার্কিন দূত মিশেল বলেছেন, নেতানিয়াহু ও আব্বাস উভয়েই যথেষ্ট আন্তরিক ছিলেন এবং তাঁদের মধ্যে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। ১৪ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দুই নেতা আবার আলোচনায় বসবেন বলেও তিনি জানান। আর এর পরে তাঁরা প্রতি দুই সপ্তাহ পরপর আলোচনায় বসবেন বলে ঠিক করেছেন।—বিবিসি