শান্তি আলোচনার জন্য হেকমতিয়ার কাবুলে প্রতিনিধিদল পাঠিয়েছেন
আফগান জঙ্গিদের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকারের সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে রাজধানী কাবুলে পৌঁছেছে। আজ সোমবার উচ্চপদস্থ এক আফগান সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।ওই কর্মকর্তা আরও জানান, পূর্ব আফগানিস্তানে বিদ্রোহে লিপ্ত হেজব-ই-ইসলামি নামের এই গ্রুপটির সঙ্গে তালেবানদের কোনো সম্পর্ক নেই। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন গ্রুপটির নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের ডেপুটি ও সাবেক প্রধানমন্ত্রী কুতুবুদ্দিন হেলাল।একসময়কার বিখ্যাত সোভিয়েতবিরোধী গেরিলা কমান্ডার হেকমতিয়ারের নেতৃত্বাধীন হেজব-ই-ইসলামি গ্রুপকে আফগানিস্তানের প্রধান তিনটি জঙ্গি গ্রুপের অন্যতম হিসেবে মনে করে ন্যাটো বাহিনী।হেকমতিয়ারের ইসলামি যোদ্ধারা ন্যাটো এবং আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে পূর্ব এবং উত্তর আফগানিস্তানের বিভিন্ন এলাকায় যুদ্ধ চালিয়ে আসছে। অতীতে কোনো কোনো লক্ষ্যের বিষয়ে তালেবানদের সঙ্গে গ্রুপটি ঐকমত্য পোষণ করলেও বর্তমানে হেজব-ই-ইসলামির সঙ্গে তালেবানদের কোনো সম্পর্ক নেই। বরং সম্প্রতি তালেবানরা এই গ্রুপটির নিয়ন্ত্রিত কিছু এলাকা দখল করে নেয়। চলতি মাসের শুরুতে আফগান সরকার জানায়, উত্তরের একটি জেলার হেজব-ই-ইসলামি গ্রুপটির বেশ কিছু যোদ্ধা তালেবানদের বিরুদ্ধে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। এর আগে কারজাই সরকার গোপনে এ গ্রুপটির সঙ্গে যোগাযোগ করে। এমনকি কারজাই তাঁর সর্বশেষ মন্ত্রিপরিষদ পুনর্গঠনের সময় এই গ্রুপের এক সাবেক সদস্যকে পরিষদে অন্তর্ভুক্ত করেন।