শান্তি আলোচনার শর্ত দিল পাকিস্তানি তালেবান
পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনার জন্য শর্ত বেঁধে দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। আজ বৃহস্পতিবার সংগঠনটির মুখপাত্র এহসানুল্লাহ এহসান বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেন।পাকিস্তান সরকারকে দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে ইসলামি আইনের প্রবর্তন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কচ্ছেদ। তবে পাকিস্তান সরকার তালেবানদের এ শর্তগুলোকে ‘উদ্ভট’ বলে আখ্যায়িত করেছে। এহসান বলেন, পাকিস্তান সরকারের উচিত ইসলামি শরিয়া অনুযায়ী প্রচলিত আইন সংশোধন করা। তিনি বলেন, পাকিস্তান সরকার ইসলামি আইন প্রবর্তন, পররাষ্ট্রনীতি নির্দিষ্ট এবং যুক্তরাষ্ট্রের দাবি উপেক্ষা করলেই তারা শান্তি আলোচনায় যাবে।পাকিস্তান সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তারা (টিটিপি) সন্ত্রাসী। তারা আলোচনায় আগ্রহী নয়। তিনি আরও বলেন, তাদের দেওয়া প্রস্তাব বা শর্তগুলোকে কেউই গুরুত্বের সঙ্গে নিতে পারে না। যেহেতু তাদের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নেই, তাই তাদের সঙ্গে কোনো সরকারই সমঝোতায় যেতে পারে না।এদিকে পাকিস্তানের দৈনিক ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’কে একটি চিঠি পাঠিয়েছেন টিটিপির আরেক মুখপাত্র আমির মুয়াবিয়া। চিঠিতে আফগানবিরোধী বিদ্রোহ দমনে পাকিস্তানের সহায়তা বন্ধ করার দাবি জানায় পাকিস্তানি তালেবানরা। তাদের দাবি, পাকিস্তানের উচিত ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া।