শান্তি আলোচনায় ফিলিস্তিন-ইসরায়েল মতৈক্য
শান্তি আলোচনা শুরু করতে গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি পাঠিয়েছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চিঠিতে ২০১০ সালে শুরু হওয়া শান্তি আলোচনা নস্যাৎ হয়ে যাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ফিলিস্তিনির নেতা। এরই পরিপ্রেক্ষিতে পাল্টা চিঠি দিয়ে আইজ্যাক মলচো নামের এক প্রতিনিধিকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রশাসনিক রাজধানী রামাল্লায় পাঠান নেতানিয়াহু। গতকাল শনিবার রামাল্লায় আব্বাসের সঙ্গে এক বৈঠকে শান্তি আলোচনায় নেতানিয়াহুর আগ্রহের কথা জানান মলচো। বৈঠকের পরপরই শান্তিপ্রক্রিয়া ফের শুরুর কথা জানিয়ে যৌথ বিবৃতি দেয় ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ।বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ শান্তি অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ। দুই পক্ষই আশা করছে, নেতানিয়াহু ও আব্বাসের মধ্যকার চিঠিবিনিময় এ প্রক্রিয়াকে আরও বেগবান করবে।আল জাজিরা জানায়, ২০১০ সালে শুরু হওয়া শান্তি আলোচনা থেমে যাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ এবং ফের আলোচনা শুরু করতে গত মাসে নেতানিয়াহুকে একটি চিঠি পাঠান আব্বাস। এর জবাবে পাল্টা চিঠি দিয়ে ফিলিস্তিনে দূত পাঠান নেতানিয়াহু। তবে ওই চিঠির বিষয়বস্তু সম্বন্ধে বিস্তারিত জানা যায়নি।আল জাজিরা আরও জানায়, গত মাসে নেতানিয়াহুকে দেওয়া চিঠিতে চারটি প্রধান বিষয়ে দ্রুত ইসরায়েলের অবস্থান জানাতে তাগিদ দেন আব্বাস। বিষয়গুলো হলো ১৯৬৭ সালের যুদ্ধের আগেকার সীমানার ওপর ভিত্তি করে দুই রাষ্ট্রের সমস্যা সমাধানে নীতি প্রণয়ন, ফিলিস্তিনের সব বন্দীর মুক্তি, বসতি স্থাপন কার্যক্রম স্থগিত ও ২০০০ সালের পর থেকে দ্বিপক্ষীয় চুক্তি ভঙ্গকারী সব সিদ্ধান্ত বাতিল করা। চিঠিতে নেতানিয়াহুর উদ্দেশে আব্বাস বলেন, ‘আমরা আপনার ইতিবাচক সাড়া পাওয়া মাত্রই আলোচনা শুরু করব।’আব্বাসের অবস্থানের বিপরীতে বারবার শর্তবিহীন আলোচনার কথা বলেছেন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি জানান, ফিলিস্তিন কর্তৃপক্ষ ছাড় দিলে ইসরায়েলও ছাড় দেবে।এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের কিছুটা ভিন্ন অবস্থানের পরও দুই দেশের মধ্যকার আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, শান্তি আলোচনার ক্ষেত্রে ইতিবাচক দুটি বিষয় হতে পারে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন নির্বাচন ও সম্প্রতি গঠিত ইসরায়েলের জাতীয় মতৈক্যের সরকার।