শান্তি আলোচনায় সম্মত কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীরা
কলম্বিয়ার প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল সান্তোস বলেছেন, অর্ধশতাব্দী ধরে চলা সংঘর্ষ বন্ধে ফার্ক বিদ্রোহীরা সরকারের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছে। বিভিন্ন সময়ে চলা এ সংঘর্ষে নিহত হয়েছে হাজার হাজার মানুষ। বিবিসির খবরে বলা হয়, আজ বুধবার সকালে কিউবার রাজধানী হাভানায় দেশটির সরকার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর ঘোষণা দেন সান্তোস। আগামী মাসের প্রথমার্ধে নরওয়ের রাজধানী অসলোতে এ আলোচনা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে কিউবার রাজধানী হাভানায়ও আলোচনা চলবে। তিনি বলেন, আলোচনা কয়েক মাস ধরে চলতে পারে, কয়েক বছর ধরে নয়।সান্তোস জানান, শান্তি আলোচনার জন্য বিদ্রোহীদের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এ চুক্তিতে গত ২০০২ সালে পণ্ড হওয়া শান্তি আলোচনায় থাকা অস্ত্রবিরতি কিংবা নিরাপদ আশ্রয়স্থলের অনুমোদনের মতো বিষয়গুলো রাখা হয়নি। এর আগে গত সপ্তাহে সান্তোস জানিয়েছিলেন, ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ বন্ধে আলোচনা ইতিমধ্যেই শেষ হয়েছে।