আজ ২৫ ডিসেম্বর, ২০১২ খ্রিষ্টাব্দ। ২০১২ বছর আগে বেথলেহেমের এক জীর্ণ-শীর্ণ গোশালায় ঈশ্বরের পূর্ণ প্রকাশ তথা ঈশ্বরের পূর্ণ প্রত্যাদেশ, ঈশ্বরের পরম বাণী, যিশু মানবদেহ ধারণ করে কুমারী মারিয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। সেই পবিত্র ঐতিহাসিক সত্যকে স্মরণ করেই বড়দিনের মহোৎসব।ধর্মীয় তাৎপর্য: যিশুর এই মানবজন্ম মানুষের প্রতি ঈশ্বরের প্রেম ও করুণার এক অভিনব নিদর্শন। আদম-হাওয়ার পাপের ফলে ঈশ্বরের সঙ্গে মানুষের বন্ধন ছিন্ন হয়ে গিয়েছিল, স্বর্গদুয়ার হয়েছিল বন্ধ। এই অসহায় অবস্থা থেকে মানুষকে মুক্ত করার জন্যই ঈশ্বর পাঠালেন ত্রাণকর্তারূপে তাঁর পুত্র যিশুকে। মূলত ঈশ্বরই এই পৃথিবীতে নেমে এলেন দেহ ধারণ করে। পাপের বন্দিদশা থেকে মুক্ত করতেই যখন যিশুর এই আগমন, তাই এই জন্মবার্তা গোটা মানবজাতির জন্য এক আনন্দের বার্তা। সহজ-সরল-নম্র ও শান্তিপ্রিয় রাখালদের কাছে ত্রাণকর্তার জন্মের এই আনন্দের বার্তা ঘোষণা করেছিলেন স্বর্গদূত: আমি এক মহা আনন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি; এই আনন্দ জাতির সমস্ত মানুষের জন্যই সঞ্চিত হয়ে আছে। আজ দাউদের নগরে তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন, তিনি সেই খ্রিষ্ট, স্বয়ং প্রভু (পবিত্র বাইবেল, লুকের মঙ্গলসমাচার ২: ১০-১১)। স্বর্গদূতবাহিনী ঈশ্বরের বন্দনা করে গেয়ে উঠেছিল: জয় পরমেশ্বরের ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়! ইহলোকে নামুক শান্তি তাঁর অনুগৃহীত মানবের অন্তরে। (লুক ২: ১৪)উৎসবমুখর বড়দিন: বড়দিনে সজ্জিত প্রতিটি গির্জায় তৈরি করা হয় একটি গোশালা, যেখানে স্থাপন করা হয় শিশু যিশুর প্রতিকৃতি। খ্রিষ্টবিশ্বাসী ভক্তের সমাগম হয় উপাসনালয়ে। যাজকের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় ডিসেম্বর ২৪ রাতে, ডিসেম্বর ২৫ প্রত্যুষে ও সকালে বড়দিনের উপাসনা: মহাখ্রিষ্টযাগ। যিশুর জন্মকে ঘিরে বড়দিনের আহ্বান তুলে ধরা হয় বর্তমান বাস্তবতার নিরিখে। উপাসনার পর সবাই একে অপরকে কৃষ্টিগত আচার-ঐতিহ্য অনুসারে সেলাম, পদধূলি, করমর্দন বা কোলাকুলি করে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করে। মিশন চত্বরেই শুরু হয় উৎসবমুখর বড়দিনের কীর্তন। কীর্তনদল বাড়ি বাড়ি গিয়ে নেচে-গেয়ে যিশুজন্মের বাণীসংবলিত কীর্তন গেয়ে বড়দিনের বার্তা ছড়িয়ে দেয় দিকে দিকে। বড়দিনে ঘর সাজানো হয় এবং ঘরে ঘরে তৈরি হয় হরেক রকমের পিঠা: চিতই, ফিলোজ, বিক্কে, কুলি, পাটিসাপ্টা, পাকন, ভাপা, আরও অনেক রকমের মুখরোচক পিঠা।বড়দিন সবার উৎসব: বাংলাদেশ কৃষ্টি-সংস্কৃতির দেশ। বহু যুগ ধরেই এই দেশের বিভিন্ন ধর্মের মানুষ মিলনের কৃষ্টি নিয়ে বসবাস করে আসছে। বিভিন্ন ধর্মের মানুষ একক ও আপন আপন ধারায় ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যে ঈদ, পুজো, বুদ্ধপূর্ণিমা, বড়দিন, ইস্টার পালন করে। তবে ধর্মীয় দিক দিয়ে একক কিন্তু উৎসবে অংশ নেয় সবাই। ঈদ, পুজো, বুদ্ধপূর্ণিমা, বড়দিন হোক, উৎসবের আনন্দে অংশগ্রহণ সবার। এটাই বাংলাদেশের মানুষের বৈশিষ্ট্য। খ্রিষ্টবিশ্বাসী সবাই ধর্মীয় উৎসব বড়দিন পালন করছে কিন্তু এই উৎসবে অংশ নিচ্ছে সবাই, বিশেষভাবে উৎসবের মর্মবাণী অন্তরে ধারণ করে, কৃষ্টি-সংস্কৃতিতে অংশ নিয়ে। বড়দিনে শুভেচ্ছা বিনিময়, পিঠা খাওয়ার আসর, এমনকি বড়দিনের কীর্তনে মিলিত হয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই-বোনেরা। বড়দিনের এমন আন্তধর্মীয় মিলনচিত্র বড়দিনের এই সত্যকেই ধ্বনিত করে: বড়দিন শান্তি ও মিলনের দিন, বড়দিন শান্তি ও মৈত্রী স্থাপনের দিন। বড়দিন আমার, উৎসব সবার।বর্তমান বাস্তবতায় এবারের বড়দিন: পরিতাপের বিষয়, বিভিন্ন অঙ্গনে এই ভ্রাতৃত্ব, এই ঐক্য, এই মিলন যেন মলিন হতে চলছে। সন্ত্রাস, খুন, হানাহানি, মর্মান্তিক আঘাত, সাম্প্রতিক ঘটনাবহুল বাস্তবতায় আমাদের মিলনের কৃষ্টিকে ভীষণভাবে ব্যাহত করে দিচ্ছে বৈকি! টিভির পর্দায় এমন চিত্র আমাদের অবাক করে দেয়! অনেককেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, আরও অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বিবেকের প্রশ্ন: এটাই কি উত্তম পদক্ষেপ? এভাবেই কি শান্তি ও মৈত্রী রক্ষা করা সম্ভব?ঈশ্বর স্বর্গ থেকে নেমে এলেন পাপী মানুষের সঙ্গে মিলিত হতে। পাপ ব্যতীত সব দিক দিয়েই তিনি মানুষের মতো হলেন। মানুষের সঙ্গে মিলিত হলেন মানুষ যেন আত্মায় নতুন হয়ে তাঁর সঙ্গে মিলিত হতে পারে, শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হতে পারে। আর হলোও তা-ই।প্রবক্তার মুখে উচ্চারিত হয়েছিল এই ভবিষ্যদ্বাণী প্রতীকী ভাষায়। বলা হয়েছে, মুক্তিদাতা যখন আসবেন তখন নেকড়ে বাঘ মেষশাবকের সঙ্গে বাস করবে, চিতাবাঘ শুয়ে থাকবে ছাগলছানার পাশে। বাছুর আর সিংহের বাচ্চা একসঙ্গেই চড়ে বেড়াবে,... গরু আর ভালুুক তখন মিলেমিশেই থাকবে, তাদের বাচ্চারাও পাশাপাশি শুয়ে থাকবে। তখন এক জাতি অন্য জাতির বিরুদ্ধে তলোয়ার উঁচিয়ে দাঁড়াবে না, রণকৌশল আর শিখবে না কখনো। যিশুর আগমনের মধ্য দিয়ে এই ভবিষ্যদ্বাণী পূর্ণতা লাভ করেছিল। বর্তমানের অসহনীয় বাস্তবতার মধ্যে একই মিলন, শান্তি ও মৈত্রী স্থাপনের আহ্বান জানায় এবারের বড়দিন।বড়দিনের প্রত্যাশা ও শুভকামনা: বড়দিন শান্তি ও মৈত্রীর দিন, শান্তি ও মৈত্রীর মহোৎসব। আসুন, আমরা সবাই এই বড়দিনে প্রত্যাশা করি আমাদের প্রত্যেকের জন্য এবং আমাদের দেশের জন্য এই শান্তি ও মৈত্রী। এবারের বড়দিনে আমরা আমাদের দেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবার জন্য প্রার্থনা করি বড়দিনের শান্তি-আশীর্বাদ যেন বর্ষিত হয় আমাদের দেশের সবার ওপর। এবারের বড়দিনের শুভকামনা: আমাদের দেশ যেন হয় দুর্নীতিমুক্ত দেশ, শান্তি ও মৈত্রী, মিলনের কৃষ্টি এবং সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবার প্রতি শুভ বড়দিনের শুভেচ্ছা! শুভ বড়দিন!ফাদার প্যাট্রিক গমেজ: ক্যাথলিক ধর্মযাজক, মুক্তিদাতা ক্যাথেড্রাল ধর্মপল্লি, ডিঙ্গাডুবা, রাজশাহী।