শান্তি ও স্থিতিশীলতার জন্য বাংলাদেশ-ভারতকে একসঙ্গে কাজ করতে হবে: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ ও ভারতের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। আজ সোমবার সকালে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণ করার পর তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘আমি বাংলাদেশের জনগণের শুভেচ্ছা নিয়ে নয়াদিল্লি এসেছি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারত শুধু সহযোগিতাই করেনি, গুরুত্বপূর্ণ অবদানও রেখেছে।’দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ এলাকায় শান্তি ও স্থিতিশীলতার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা, এ অঞ্চলের প্রধান সমস্যা হচ্ছে দারিদ্র্য। এই দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করে যাবে। এই দারিদ্র্য বিমোচনের যে লক্ষ্য, আমার এই সফরের মাধ্যমে তা অর্জিত হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের জনগণের সহযোগিতা ও বন্ধুত্ব আরও দৃঢ় হবে।’নয়াদিল্লিতে স্থানীয় সময় সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মূল ফটক থেকে আঙিনা পর্যন্ত নিয়ে যায় একটি অশ্বারোহী দল। এরপর তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতের রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। শেখ হাসিনা অভিবাদন গ্রহণ করেন এবং গার্ড পরিদর্শন করেন। এরপর তিনি সফর সঙ্গীদের ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। রাষ্ট্রপতি ভবনে শেষ পৌষের রোদেলা সকালে উষ্ণ অভ্যর্থনা নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী যান রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে। তিনি সমাধিতে ফুল দিয়ে ভারতের জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া তিনি শোক বইতে সই করেন।শেখ হাসিনা এরপর মৌর্য শেরাটন হোটেলে ফিরে গেলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১২টায় রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে যান।