মানবতাবিরোধী অপরাধের বিচার: জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী
শান্তি কমিটি গঠনের বিষয়ে নিজামী কথা বলতে যান
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী মো. আইনুল হক। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে নিজামী শান্তি কমিটি গঠনের বিষয়ে কথা বলতে তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে যান।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আইনুলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। এ সময় নিজামী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জবানবন্দিতে আইনুল হক (৭১) বলেন, তাঁর বাড়ি পাবনার সাঁথিয়া থানার বাউশগাড়ী গ্রামে। তিনি একাত্তরে স্থানীয় রূপসী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, এখন অবসরে আছেন। এলাকার লোকজন তাঁকে বিবিসি বলে ডাকে। কারণ, তিনি ছোটবেলা থেকে নিয়মিত পত্রিকা পড়তেন ও বিবিসি শুনতেন এবং সবাই তাঁর কাছে খবর জানতে চাইত। ১৯৭০-৭১ সালে তিনি খবরের কাগজ পড়ে জানতে পারেন, নিজামী পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ১০ মে তিনি বিদ্যালয়ে গিয়ে দেখেন, ১০-১২ জন লোক প্রধান শিক্ষকের সামনে বসে আছেন। প্রধান শিক্ষক জানান, তাঁদের মধ্যে একজন নিজামী। তাঁরা শান্তি কমিটি গঠনের বিষয়ে কথা বলছেন। ওই লোকদের মধ্যে তিনি দালাল আসাদকে দেখেন। পাকিস্তানি সেনাদের দালালি করতেন বলে আসাদকে ওই নামে ডাকা হতো।আইনুল হক বলেন, একাত্তরের ১৩ মে তিনি ডেমরাহাটে গিয়ে শোনেন, পরদিন পাকিস্তানি সেনারা তাঁদের এলাকায় যাবে। পরদিন ফজরের নামাজের পর তাঁর মামা তাঁকে জানান, পাকিস্তানি সেনারা ডেমরা, রূপসী, বাউশগাড়ী চারদিক থেকে ঘিরে ফেলেছে। এরপর তিনি বাড়ি ছেড়ে চলে যান। দুপুর ১২টার দিকে একটি হেলিকপ্টার যাওয়ার পর ব্যাপক গুলিবর্ষণ শুরু হয়। তিনি বাড়িঘরে আগুনের শিখা ও ধোঁয়া দেখেন। পরদিন সকাল নয়টার দিকে তিনি গ্রামে ফিরে দেখেন, তাঁর মামা আসগর আলী প্রামাণিক, খালাতো ভাই এ কে এম ফকির, ফুপাতো ভাই আহেদ ফকির, আছিল ফকির, জামালউদ্দিন প্রামাণিকসহ অনেক লোক মারা গেছেন। হিন্দু-মুসলমান মিলিয়ে ৩০০-৩৫০ জনের মরদেহ পড়ে ছিল। পরে বাউশগাড়ীর ওই জায়গাকে বধ্যভূমি ঘোষণা করা হয়। তিনি জানতে পারেন, দালাল আসাদ পাকিস্তানি সেনাদের পথঘাট চিনিয়ে নিয়ে এসেছিলেন। আসাদ জামায়াত করতেন।জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় বসা নিজামীকে শনাক্ত করেন আইনুল। পরে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেরা আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি শুরু: একই ট্রাইব্যুনালে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী সহকারী পুলিশ সুপার মো. নুরুল ইসলামের জবানবন্দি শুরু হয়েছে। আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ তদন্ত কর্মকর্তার জবানবন্দি নেন। কিছুক্ষণ জবানবন্দির পর এই মামলার কার্যক্রম ২৮ মে (মঙ্গলবার) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।