শান্তি কমিটির অনুকরণে জননিরাপত্তা কমিটি: হানিফ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একাত্তর সালে শান্তি কমিটি গঠন করেছিল। এরই অনুকরণে এবার বিএনপি ও জামায়াতে ইসলামী জননিরাপত্তা কমিটি গঠন করেছে। শান্তি কমিটি করে তারা রক্ষা পায়নি, এবারও পাবে না। আজ সোমবার দুপুরে দলের ধানমন্ডির কার্যালয়ে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে বেলা ১১টার দিকে যুগ্ম সাধারণ সম্পাদকের সভাপতিত্বে আওয়ামী লীগের সঙ্গে দলের সহযোগী ও অনুসারী সংগঠনের বৈঠক হয়। বৈঠকে ১৮ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় দলের জনসভার প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে হানিফ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করতে বলেছেন। পাল্টা হিসেবে বিএনপি-জামায়াত জননিরাপত্তা কমিটি গঠন করতে বলেছে। এ নিয়ে মুখোমুখি বিরোধের কোনো আশঙ্কা নেই। বিএনপি-জামায়াত মাঠপর্যায়ে যেসব নাশকতা চালিয়েছে, তা কখনোই রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। একাত্তরে তারা শান্তি কমিটির মাধ্যমে এ দেশের নিরীহ মানুষকে হত্যা করেছিল। এবারও একই আদলে মানুষ হত্যা করে চলেছে। আমাদের কমিটির কাজ হবে তাদের নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা।’ হানিফ বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের রায় ঘোষণার পর বিএনপি-জামায়াত দেশব্যাপী যে তাণ্ডব চালিয়েছে, এর প্রতিবাদে ১৮ মার্চ ঢাকায় আওয়ামী লীগের জনসভা হবে। তিনি বলেন, জামায়াত মানবতাবিরোধী অপরাধের বিচারকাজে বাধা দেবে, তা স্বাভাবিক। কিন্তু তাদের পাশে বিএনপির দাঁড়ানোর বিষয়টি উদ্বেগের। খালেদা জিয়ার উসকানিমূলক বিবৃতি দেশকে অস্থিতিশীল করে তুলেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের নির্যাতন, হত্যা ও তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। জনসভায় দলীয় সভানেত্রী বিরোধী দলের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন। বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও আহমেদুর রহমান, শ্রম সম্পাদক হাবিবুর রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, কার্যনির্বাহী সাংসদ আমিনুল ইসলাম ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।