শান্তি নষ্ট না করতে পার্বত্যবাসীর প্রতি আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো মহলের দ্বারা বিভ্রান্ত হয়ে শান্তি বিনষ্ট হতে পারে, এমন কিছু না করতে পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার বান্দরবানে সাঙ্গু নদীর ওপর নির্মিত দুটি সেতু উদ্বোধনের পর এক সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী আজ সকালে সাঙ্গু নদীর ওপর নির্মিত দুটি সেতু উদ্বোধন করেন। দীর্ঘ প্রতীক্ষিত এই সেতু দুটির একটি নির্মিত হয়েছে বান্দরবানের চিম্বুক-রুমা সড়কে। অপর সেতুটি নির্মিত হয়েছে চিম্বুক-থানছি সড়কে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তদারকিতে ২৬ কোটি টাকা ব্যয়ে এই সেতু দুটি নির্মিত হয়। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বান্দরবানে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফর। আজ সকালে বিমানবাহিনীর হেলিকপ্টারে তিনি সেখানে পৌঁছান। প্রধানমন্ত্রী প্রথমে ২১৭ দশমিক ১৫ মিটার দীর্ঘ রুমা সেতু উদ্বোধন করেন। পরে সেখান থেকে হেলিকপ্টারে থানছি গিয়ে ২১৬ দশমিক ৪৪ মিটার দীর্ঘ থানচি সেতু উদ্বোধন করেন।এ উপলক্ষে এক সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকার ১৯৯৭ সালে শান্তিচুক্তি স্বাক্ষর করায় পার্বত্য চট্টগ্রামে বর্তমানে শান্তি বিরাজ করছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী একত্রে পার্বত্য চট্টগ্রামে কাজ করছে। সরকার বান্দরবানকে দেশের পর্যটনসমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে চায় বলে তিনি জানান।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর, চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বাসস।