শান্তি পরিকল্পনায় সম্মত সিরিয়া
জাতিসংঘ-আরব লীগের সিরিয়া-বিষয়ক বিশেষ কূটনীতিক কফি আনান বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ১০ এপ্রিলের মধ্যে সহিংসতা বন্ধে একটি শান্তি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে সম্মত হয়েছেন। আল-জাজিরা অনলাইন এ খবর প্রকাশ করেছে।খবরে বলা হয়, শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আসাদ সম্মত হলেও রক্তপাত বন্ধে এখনো কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। কফি আনান গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ কথা জানান। ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, বিরোধীদের বিরুদ্ধে সিরীয় সরকারের দমন-নির্যাতন বন্ধে শান্তি পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা পিছিয়ে দিয়ে দেশটির ওপর চাপ প্রয়োগ করতে হবে। কূটনীতিকদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে সাংবাদিকদের কফি আনান এ কথা বলেন। আনান বলেন, সিরিয়া ১০ এপ্রিলের মধ্যে তাঁর শান্তি পরিকল্পনা আংশিকভাবে বাস্তবায়নের ব্যাপারে একমত হয়েছে। এদিকে জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফরি গতকাল সোমবার আনানের শান্তি পরিকল্পনা প্রস্তাব গ্রহণের ব্যাপারটি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, ‘সিরিয়ার সরকার শান্তি পরিকল্পনার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু, আমরা আশা করি বিরোধীপক্ষও কফি আনান ও নিরাপত্তা পরিষদের কাছে এ ব্যাপারে প্রতিশ্রুতি দেবে।’ ধারণা করা হচ্ছে, সিরীয় সরকার বেসামরিক এলাকা থেকে ভারী অস্ত্রশস্ত্র অপসারণ এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেবে। এদিকে কফি আনানের বরাত দিয়ে এক কূটনীতিক বলেছেন, অস্ত্রবিরতি বা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।