শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় আরও দৃঢ় রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন।গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরের নর্থ লন বিল্ডিংয়ে অনুষ্ঠিত শান্তিবিষয়ক এক উচ্চপর্যায়ের এক সভায় সভাপতির ভাষণে এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্নায়ুযুদ্ধ-পরবর্তী সমাজে সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী সহায়তায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সম্পদের জোগান, জাতীয় সামর্থ্য এবং প্রতিষ্ঠান বিনির্মাণে অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গীকার আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী বলেন, প্রায় ১৫০ কোটি মানুষ এখনো সংঘাতপূর্ণ দেশগুলোতে বাস করছে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন-২০১১-এর পরিসংখ্যান অনুযায়ী নিম্নআয়ের দেশগুলো এর থেকে বেরিয়ে আসতে পারছে না বা সংঘাতের কারণে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেকসই শান্তি ও উন্নয়নের প্রতি অঙ্গীকারবদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ সব সময় জাতিসংঘের সব শান্তি উদ্যোগের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘের ৩৭টি শান্তি মিশনে অংশ নিয়েছে। এতে আমাদের এক লাখ ১৩ হাজার ১৮১ জন শান্তিরক্ষী অংশ নেন। এ সময় কর্মরত অবস্থায় ১১৮ জন শান্তিরক্ষী নিহত ও ১২৫ জন আহত হন।’সভায় অন্যদের মধ্যে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী জোরান মিলানোভিচ, পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী জানানা গুসম্যান, জাম্বিয়ার প্রেসিডেন্ট মাইকেল চিলুফ্যা প্রমুখ বক্তব্য দেন। বাসস।