শান্তি বজায় রাখতে বিডিআর ও বিএসএফ একমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পাশাপাশি ভারতীয় খাসিয়ারাও বাংলাদেশিদের ওপর গুলি চালিয়েছে বলে জানিয়েছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। গতকাল পিলখানায় সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনার পর মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে রোববার ডিবির হাওরে বিএসএফের ভূমি দখল ও গুলিবর্ষণের ঘটনা নিয়ে গতকাল তামাবিল চেকপোস্টে বিডিআর-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। জানা যায়, অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত এ বৈঠকে জৈন্তাপুরসহ সীমান্তের বিরোধপূর্ণ ভূমির বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা করে সমাধান না হওয়া পর্যন্ত বিএসএফ শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার ব্যাপারে দুই পক্ষ সম্মত হয়েছে।২১ রাইফেল ব্যাটালিয়ন সূত্র জানায়, বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত বৈঠক চলে। বিডিআরের পক্ষে ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম, সিলেট সদর সেক্টরের জিএসও (জেনারেল স্টাফ অফিসার) মেজর কোহিনুর আলম ও একই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন। বিএসএফ-১-এর অধিনায়ক শেখর গুপ্তের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করে। সূত্র জানায়, জৈন্তাপুরে ডিবির হাওরের ঘটনা ধরেই মূলত আলোচনা শুরু হয়। রোববার দুপুর ও বিকেলের ঘটনার বর্ণনা উভয় পক্ষ থেকে দেওয়া হয়। পরে সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা শেষে উভয় পক্ষ সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে মতৈক্যে পৌঁছায়। তামাবিল চেকপোস্টে বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আলোর প্রতিনিধি বিএসএফের অধিনায়ক শেখর গুপ্তের কাছে সীমান্ত পরিস্থিতি এবং বৈঠক বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। লে. কর্নেল খন্দকার জহিরুল আলম প্রথম আলোকে বলেন, উচ্চপর্যায়ে বৈঠক না হওয়া পর্যন্ত বিএসএফ-বিডিআর বিরোধপূর্ণ ভূমিতে যাবে না বলে সিদ্ধান্ত হয়েছে।পতাকা বৈঠকের খবরে গতকাল দুপুর থেকে জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওর এলাকার চার গ্রামের মানুষ বাড়ি ফিরতে শুরু করে। জৈন্তাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজিরউদ্দিন জানান, ঘিলারতইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ওই এলাকায় ব্র্যাকের আরও দুটি বিদ্যালয় ছাত্রছাত্রীশূন্য ছিল। আশা করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হবে।বিডিআর মহাপরিচালকের ব্রিফিং: বর্ডার অপারেশন পোস্টগুলোর (বিওপি) অবস্থান সীমান্ত এলাকা থেকে দূরে হওয়ার কারণে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে বলে জানান বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। গতকাল দুপুরে পিলখানায় ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের সব বিওপি নো-ম্যান্সল্যান্ড থেকে অনেক দূরে। ভারত ও পাকিস্তান বিভক্তের পর পাকিস্তানিরা এভাবেই বিওপিগুলো স্থাপন করেছিল। বিওপি দূরে থাকায় বিডিআর সঠিক সময়ে সঠিক শক্তি দেখাতে পারে না।ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডিআরের উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক ও পরিচালক (অপারেশন) কর্নেল জসীম উদ্দিন।মহাপরিচালক বলেন, কোনো সভ্য দেশে এভাবে সীমান্ত এলাকায় নির্বিচারে গুলি করে মানুষ হত্যার ঘটনা নেই বলে তিনি বিএসএফের কাছে জানিয়েছেন। যদি কোনো বাংলাদেশি জোর করে ভারতে প্রবেশ করে সে ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। এর জন্য গুলি করে তাকে হত্যা করা চরম মানবাধিকার লঙ্ঘন। মইনুল ইসলাম জানান, চোরাচালান বন্ধে বিডিআরকে সক্রিয় করতে শটগান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ রাইফেল দিয়ে যেকোনো মানুষকে লক্ষ্য করে গুলি করলে তার মারা যাওয়ার ঘটনা বেশি ঘটে। শটগানের গুলিতে মৃত্যুর চেয়ে আহত হওয়ার ঘটনাই বেশি ঘটে। বিএনপির বিক্ষোভ: জৈন্তাপুর সীমান্তসহ সিলেটের অন্যান্য সীমান্ত এলাকায় বিএসএফের আগ্রাসী ভূমিকার প্রতিবাদে সিলেট নগরে গতকাল দুপুরে বিক্ষোভ করেছে বিএনপি। মহানগর বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা মোড়ে প্রতিবাদ সভা করে।এ ছাড়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এক বিবৃতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে কড়া প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নিন্দা: বিএসএফের গুলিতে ১৯ বাংলাদেশি আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খান স্বাক্ষরিত বিবৃতিতে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নিন্দা জানিয়ে আরও বিবৃতি দিয়েছে অধিকার, গণসংহতি আন্দোলন, বিল্পবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল প্রভৃতি।