শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘মিয়ানমারে আবারও যে জাতিগত দাঙ্গা শুরু হয়েছিল, সেই পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে। আশা করি, মিয়ানমার কর্তৃপক্ষ সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং তাদের নাগরিকদের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’ আজ সোমবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা করে বলেন, ‘তারা সমস্যার মূল কারণ চিহ্নিত করে সমস্যাটির সমাধান করবে। এতে আমাদের দেশে রোহিঙ্গাদের নিয়ে যে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয়েছে, সে সমস্যায় যেন আমাদের আর পড়তে না হয়।’দীপু মনি আরও বলেন, ‘আমরা যেমন চাই না আমাদের ভেতরে কোনো জনগোষ্ঠীর মধ্যে সমস্যা হোক। আমরা চাই সব জনগোষ্ঠী সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করুক। তেমনি মিয়ানমারের জনগোষ্ঠীর মধ্যেও সমস্যা হোক, এটা আমরা চাই না।’পরে মন্ত্রী সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন ও আশিকাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মহিলা সমাবেশে অংশ নেন।