শান্তিচুক্তি বৈধ ঘোষণা করলেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। শান্তিচুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর আজ মঙ্গলবার এ রায় দেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। তবে আদালত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মত দিয়েছেন।গতকাল সোমবার থেকে আদালত এ রায় দেওয়া শুরু করেন। আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, পার্বত্য আঞ্চলিক পরিষদের পক্ষে কামাল হোসেন, সারা হোসেন এবং রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মওদুদ আহমদ ও আবদুর রাজ্জাক শুনানি করেন। এ ছাড়া অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান ও রোকনউদ্দিন মাহমুদ আদালতে এ বিষয়ে তাঁদের বক্তব্য দিয়েছিলেন।উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির বৈধতা বৈধতা চ্যালেঞ্জ করে ২০০০ সালে পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা বদিউজ্জামাদ এবং ২০০৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম হাইকোর্টে রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন। রিটে পার্বত্য শান্তিচুক্তি, পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলা স্থানীয় সরকার পরিষদ সংশোধনী আইন ১৯৯৮-এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।