শান্তিতে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বর্জন করছে ১৯ রাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনসহ অপর ১৮টি রাষ্ট্র আগামী শুক্রবার নরওয়েতে অনুষ্ঠেয় শান্তিতে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বর্জন করছে। নরওয়ের নোবেল কমিটি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ১০ ডিসেম্বর নরওয়েতে চীনের ভিন্ন মতালম্বী রাজনৈতিক বন্দী লিউ সিয়াওবোকে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করার কথা রয়েছে।বিবৃতিতে বলা হয়, চীন, রাশিয়া, কাজাকিস্তান, কলম্বিয়া, তিউনিশিয়া, সৌদি আরব, পাকিস্তান, সার্বিয়া, ইরাক, ইরান, ভিয়েতনাম, আফগানিস্তান, ভেনিজুয়েলা, ফিলিপাইন, মিসর, সুদান, ইউক্রেন, কিউবা ও মরক্কো হচ্ছে অনুষ্ঠান বর্জনকারী দেশ। শ্রীলঙ্কা ও আলজেরিয়া এ ব্যাপারে কোনো অভিমত ব্যক্ত করেনি। তবে ৪৪টি দেশ অনুষ্ঠানে যোগদান করবে।এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং য়ু জানান, ১০০-র বেশি দেশ অনুষ্ঠান বর্জন করেছে। নোবেল কমিটি সিয়াওবোকে চীনের মানবাধিকার সংগ্রামের প্রধান প্রতীক হিসেবে অভিহিত করেছে। তিনি বর্তমানে চীনে কারাবন্দী রয়েছেন। বিবিসি।