শান্তিনিকেতনে তৈরি হচ্ছে বাংলাদেশ ভবন
রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হচ্ছে বাংলাদেশ ভবন। আজ শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুপুরে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত দত্ত গুপ্তের কার্যালয়ে বৈঠক করে। বাংলাদেশ প্রতিনিধিদলে আরও ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আতফুল হাই শিবলী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি কাজী জিয়াউল হাসান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক সুশান্ত দত্ত গুপ্ত। ওই বৈঠকে বাংলাদেশ ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ২০১১ সালে বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণের প্রস্তাব গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠকে এই ভবন নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ করলেও তা নির্দিষ্ট করা হয়নি।শিক্ষাসচিব প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিশ্বভারতী কর্তৃপক্ষ তাদের ক্যাম্পাসে বাংলাদেশ ভবন নির্মাণের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধসংক্রান্ত নানা ইতিহাস, গ্রন্থাগার, মিলনায়তন, বাংলাদেশ সম্পর্কে গবেষণার নানা তথ্য, চিত্রশালাসহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নানা স্মারক থাকবে ভবনটিতে। এ ছাড়া রবীন্দ্রনাথের বাংলাদেশে অবস্থানের নানা তথ্য, ইতিহাস, স্মারক ও চিত্র স্থান পাবে।