আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে মত প্রকাশের অধিকারচর্চার আহ্বান জানিয়েছে কানাডা।ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ত্রুদ্ধডেন গতকাল বুধবার এ আহ্বান জানান। তিনি এদিন আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ঢাকায় আয়োজিত ফ্রাঙ্কোফোন (ফরাসি ভাষা ব্যবহারকারী দেশ) উৎসব উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফ্রান্সসহ ঢাকায় অবস্থানরত ফরাসি ভাষাচর্চাকারী কানাডা, সুইজারল্যান্ড, মিসর, মরক্কো, ভিয়েতনাম ও কাতারের মিশনের সহায়তায় এ উৎসবের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন লিখিত বক্তৃতায় বলেন, ‘এ অনুষ্ঠান শুধু ফরাসি ভাষা উদ্যাপন নয়, ফরাসিভাষী দেশগুলোর বৈচিত্র্য, সংস্কৃতি এবং এর মূল আদর্শ শান্তি, গণতন্ত্র, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও উন্নয়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। আর গণতন্ত্র, সংস্কৃতি ও অর্থনৈতিক উন্নয়নের অভিন্ন মূল্যবোধের প্রতি অঙ্গীকারের কারণে গণতন্ত্রের বিকাশ, মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন এবং শান্তি ও নিরাপত্তা সুরক্ষায় কানাডার প্রয়াস অব্যাহত থাকবে।’এ সময় বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে হিদার ক্রুডেন বলেন, ‘এ প্রেক্ষাপটে আগামী নির্বাচনের আগে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে মত প্রকাশ এবং সমাবেশের অধিকারচর্চার জন্য আমরা সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই।’ বাংলাদেশে সাম্প্রতিক রক্তক্ষয়ী সহিংসতায় অসংখ্য লোকের প্রাণহানিতে ৮ মার্চ গভীর উদ্বেগ ও নিন্দা জানায় কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড ওই দিন দেওয়া এক বিবৃতিতে মত প্রকাশের অধিকারচর্চা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিশ্চিত করতে সব দলকে আহ্বান জানান।১৩ থেকে ২২ মার্চ অনুষ্ঠেয় ফ্রাঙ্কোফোন উৎসবে থাকবে চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, কনসার্ট, প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ট্রিনকুইয়ে, ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কুয়াং থুক, মরক্কোর চার্জ দ্য অ্যাফেয়ার্স সাইদ কাসমি, সুইজারল্যান্ডের উপরাষ্ট্রদূত ক্যারোলিন ট্রটউইলে ও মিশরের উপরাষ্ট্রদূত ওমর শোয়েব।