শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে হরতাল: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের পক্ষ থেকে দু-এক দিনের মধ্যে সমাবেশের ঘোষণা দেওয়া হবে। চেয়ারপারসন খালেদা জিয়া ওই সমাবেশ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা।আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় এসব সিদ্ধান্ত গ্রহণকালে বলা হয়, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে।সূত্র জানায়, যৌথ সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায়। আপাতত রোড মার্চ, লংমার্চ, বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে কর্মসূচি সীমিত রাখা হবে। তিনি আরও বলেন, কর্মসূচিতে বাধা দেওয়া হলে ঢাকা অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে। বিশেষ করে অবরোধের মাধ্যমে ঢাকাকে অচল করে দেওয়ার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।বিএনপির সমাবেশে চারদলীয় জোটের শরিক ও সমমনা দলের নেতা-কর্মীদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। এ ছাড়া বিএনপি থেকে বেরিয়ে যাওয়া নেতাদের গড়া দলকেও আমন্ত্রণ জানানো হবে। এসব দলের শীর্ষস্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দিতে পারেন। জানা গেছে, ওই সমাবেশ থেকে বিএনপির ঘোষিত কর্মসূচি উপস্থিত দলগুলোও পালন করবে।বিএনপি সূত্র জানায়, সমাবেশ বলা হলেও ব্যাপক জনসমাগমের মাধ্যমে একে মহাসমাবেশে রূপ দেওয়ার পরিকল্পনা আছে দলটির। সমাবেশ থেকে চলতি বছরজুড়ে রোড মার্চ, লংমার্চ, সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি আসতে পারে। তবে বিএনপির এসব কর্মসূচিতে বাধা দেওয়া হলে কর্মসূচির গতি-প্রকৃতি পরিবর্তন হবে। এ ছাড়া চলতি বছর দলীয় চেয়ারপারসনের দেশব্যাপী সফরেরও ঘোষণা থাকতে পারে।তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া ও যোগাযোগব্যবস্থার অবনতির প্রতিবাদে বিএনপি এ কর্মসূচি পালন করবে।সম্প্রতি খালেদা জিয়া দলীয় নেতা, জোটের শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। সমাবেশের জন্য পল্টন ময়দান চেয়ে এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করা হয়েছে। তবে আজ শনিবার পর্যন্ত পরিষদের কাছ থেকে বিএনপির কোনো সাড়া পায়নি। দলের একটি সূত্র জানিয়েছে, পল্টন ময়দান পাওয়া না গেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। ওই দিন সমাবেশ করার ব্যাপারে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।বিএনপি এই সমাবেশ সফল করতে আজ দলীয় কার্যালয়ে দুটি সভা করেছে। সকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের সভাপতিত্বে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় বিএনপির নেতারা দলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ, দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ও বক্তব্য দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় নেতারা মহাসচিবের কাছে ক্ষোভ প্রকাশ করেন।বিকেলে দলীয় কার্যালয়ে আরেকটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও আশপাশের জেলার নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে ব্যাপক লোক সমাগম নিশ্চিত করতে বৈঠকে দলীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়।