শান্তিপূর্ণ কাজেই ট্রানজিটের ব্যবহার হবে: কৃষ্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা বলেছেন, ভারত শান্তিপূর্ণ কাজেই বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে ট্রানজিটের ব্যবহার করবে। আজ শুক্রবার সকালে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কবিষয়ক বক্তৃতায় এ মন্তব্য করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘ভারত ও বাংলাদেশ: অংশীদারিত্বের অগ্রগতি’ অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বক্তৃতা দেন। তিন দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে এস এম কৃষ্ণা ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও সংগীত বিভাগে নির্মিত দুটি শ্রেণীকক্ষের ফলক উন্মোচন করেন। এরপর বিআইআইএসএসের অনুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। সফরের শেষ কার্যসূচির পর তিনি ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলক উন্মোচন: কলাভবনে নির্মিত নাট্যকলা ও সংগীত বিভাগের দুটি শ্রেণীকক্ষের ফলক উন্মোচন করে এস এম কৃষ্ণা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক আরও দৃঢ় করার জন্য সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী করতে হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রহমত আলী, সংগীত বিভাগের চেয়ারম্যান কুহেলী ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্: ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। খালেদা জিয়া বলেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করতে হবে। আলোচনা করে সমস্যার সুরাহা হলে আস্থার অভাব দূর হবে। পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস বাড়বে। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাঁর সরকার বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সমস্যা সমাধানে আন্তরিক। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, প্রায় আধা ঘণ্টার বৈঠকে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের প্রাণহানি, পানি চুক্তিসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। শমসের মবিন চৌধুরী জানান, খালেদা জিয়া বলেছেন বাংলাদেশ প্রতিবেশী সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সে সম্পর্ক হতে হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। ট্রানজিটসহ ভারতের সঙ্গে সম্পাদিত প্রতিটি চুক্তি জনসম্মুখে প্রকাশের জোর দাবি জানান তিনি। এসব চুক্তি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিক চুক্তি প্রকাশের বিষয়টি উল্লেখ আছে কি না, তা বিরোধীদলীয় নেতার কাছে জানতে চান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সম্ভাব্য পানি চুক্তির বিষয়ে খালেদা জিয়া জানতে চাইলে এস এম কৃষ্ণা জানান, তিস্তার পানি বণ্টন চুক্তিটি এখনো কারিগরি পর্যায়ে রয়েছে। তবে সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে এ বিষয়ে চুক্তি হতে পারে।