শান্তিপূর্ণ ভোট গ্রহণ, চেয়ারম্যান প্রার্থী ও এজেন্টের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ হলো গতকাল রোববার। গতকাল ১৩১টি ইউপিতে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনের পরিবেশ ছিল মোটামুটি শান্তিপূর্ণ। কয়েকটি স্থানে চেয়ারম্যান পদপ্রার্থী ও নির্বাচনী এজেন্টকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া কোথাও থেকে বড় ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।গত মঙ্গলবার দেশের উপকূলীয় ১২টি জেলায় ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়।গতকাল বরিশালের মুলাদী উপজেলার ছয়টি, মেহেন্দীগঞ্জে ১২টি, হিজলার চারটি, পটুয়াখালী সদরের ১২টি, পিরোজপুরের মঠবাড়িয়ার ১১টি, বরগুনার আমতলীর সাতটি, খুলনার রূপসার চারটি, ফুলতলার চারটি, তেরখাদার ছয়টি ও ডুমুরিয়ার ১৪টি; সাতক্ষীরার কলারোয়ার ১২টি ও তালার ১২টি; বাগেরহাটের মোড়েলগঞ্জের ১৫টি ও শরণখোলার চারটি এবং নোয়াখালীর সুবর্ণচরের আটটি ইউপিতে ভোট গ্রহণ করা হয়।পটুয়াখালী: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সদর উপজেলার মাদারবুনিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোশারেফ হোসেন ওরফে দুলাল মাতবরকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এই দণ্ড দেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা কেন্দ্র এলাকা থেকে মোশারেফ হোসেনকে আটক করা হয়।এ ছাড়া কেন্দ্র এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ ১৩ জনকে আটক করে। তাঁদের মধ্যে মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা কেন্দ্র এলাকা থেকে মো. রিয়াজ, সহিদুল, শাহাবুদ্দিন; বদরপুর ইউনিয়নের তেলীখালী কেন্দ্র এলাকা থেকে মনির হোসেন; মাদারবুনিয়া ইউনিয়ন এলাকা থেকে মো. দেলোয়ার, ফিরোজ, সামসুল হক, আবদুল হাই; ছোটবিঘাই ইউনিয়নের অফিসের হাট কেন্দ্র থেকে সেলিম, খলিলুর রহমান; বড়বিঘাই ইউনিয়ন এলাকা থেকে আল-আমিন, রাসেল এবং লাউকাঠি ইউনিয়নের মৌকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা থেকে মো. বরকতুল্লাহকে আটক করা হয়।বাগেরহাট: দুপুরে শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মারুফা নামে এক পোলিং এজেন্টের কাছ থেকে পাঁচটি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়। পরে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট।সাউথখালী ইউনিয়নের সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে কেন্দ্রের বাইরে আসার দায়ে সবুর নামের এক ভোটারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মোরেলগঞ্জের রামচন্দ্রপুর ইউনিয়নের বরশিবাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মতিয়ার রহমান নামে এক ইউপি সদস্য পদপ্রার্থীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নে ভোট গ্রহণ চলাকালে ভোটারদের মধ্যে টাকা বিতরণের দায়ে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী হাকিম মোহাম্মদ ইয়াহিয়া এই জরিমানার আদেশ দেন।সাতক্ষীরা: তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, বিকেল চারটার পর মাগুরা ইউনিয়নের মাদ্রা কেন্দ্র এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধ বাধে। একপর্যায়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। এতে সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাই আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।বরিশাল: মুলাদী উপজেলার কৃষ্ণপুর কেন্দ্রে দুই সদস্য পদপ্রার্থীর মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।আমতলী (বরগুনা): প্রায় সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও আমতলীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কুকুয়া ইউনিয়নের কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, প্রযুক্তিগত সমস্যার কারণে অনেক স্থানে এক কেন্দ্রের ভোটারের নাম অন্য কেন্দ্রের তালিকায় চলে গেছে। এ বিষয়গুলোর প্রতি আরও সতর্ক হওয়া প্রয়োজন। আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পূর্ব আমতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক উদ্দিন খান অভিযোগ করেন, মরিচবুনিয়া, উত্তর টিয়াখালী, সেকান্দারখালী ও উল্টাখালী কেন্দ্রে এক প্রার্থীর সমর্থকেরা তাঁদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিচ্ছেন।