প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম দিনে গতকাল শনিবার দেশের সাত জেলার ১১ উপজেলার ৭২টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিভিন্ন স্থানে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীসহ ৫২ জনকে আটকসহ জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৬ ইউপি, পিরোজপুর সদরের চার ইউপি ও জিয়ানগরের তিন ইউপি, ভোলার চরফ্যাশনের নয় ইউপি, তজুমদ্দিনের তিন ইউপি ও মনপুরার দুই ইউপি, ঝালকাঠির নলছিটির ১০ ইউপি, বাগেরহাট সদরের ১০ ইউপি ও কচুয়ার সাত ইউপি, কক্সবাজারের টেকনাফের চার ইউপি এবং লক্ষ্মীপুরের কমলনগরের চার ইউপিতে ভোট গ্রহণ করা হয়। সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য প্রতি উপজেলায় একজন করে বিচারিক ও নির্বাহী হাকিম নিয়োজিত ছিলেন।৫২ জন আটক, জেল-জরিমানা: পিরোজপুরের জিয়ানগরের পত্তাশী ইউনিয়নের রেখখালী কেন্দ্রে ভোট গ্রহণের সময় লিফলেট বিতরণকালে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হককে পাঁচ হাজার টাকা ও সদস্য পদপ্রার্থী জয়নাল মল্লিককে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে ভোটার আরিফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই কেন্দ্রে এজেন্টের জাল পরিচয়পত্র বুকে ঝুলিয়ে নির্বাচনী কাজ চালানোর সময় শাহিন তালুকদার নামের একজনকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।ভোলার তজুমদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল্যাহ কিরণ চাঁদপুর ইউনিয়নের ভবানীপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে কামরুজ্জামান নামের একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এসব ঘটনাসহ গতকাল চরফ্যাশন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১৫ জনকে জরিমানা, সাজা ও আটক করা হয়েছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাসনাইন জুয়েল (২৫) নামের একজনকে একদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। কেন্দ্রের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে আটক করা হয় ছয়জনকে। ভোটের সময় ভোটারদের চা পান করানোর দায়ে বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের দুই চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম ও মকবুল হোসেনের প্রত্যেককে সাত হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে একই উপজেলার বাদাল ইউনিয়নের একজন সদস্য পদপ্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কচুয়ার মখিয়া ইউনিয়নের মধ্য দিয়ে মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়ার দায়ে চিতলমারী উপজেলার কলাতলি ইউনিয়নের সদ্যবিজয়ী চেয়ারম্যান মতিয়ার রহমানকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বহরে থাকা ২২ জনকে রাত আটটা পর্যন্ত স্থানীয় মোবায়দুর করিম মাধ্যমিক বিদ্যালয়ে আটক রাখা হয়। পাল্টাপাল্টি ধাওয়া: মনপুরার হাজীরহাট ইউনিয়নের নয় নম্বর দক্ষিণ চর ফয়জুদ্দিন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে তিনটার দিকে সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম ও মাহবুবুর রহমানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এর আগে চরফ্যাশনের জাহানপুর ইউনিয়নের পাঁচ নম্বর এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবর ফরাজীর সমর্থকেরা অপর প্রার্থী আবুল কাশেমের সমর্থকদের ধাওয়া দিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রার্থীর বাড়িতে নাশতা: গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নের পশ্চিম কল্যাণ কলস রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান গতকাল ভোট গ্রহণের এক ঘণ্টা আগে সকাল সাতটার দিকে এক প্রার্থীর বাড়িতে নাশতা করেন। নির্বাচনী বিধির পরিপন্থী হওয়ায় তাঁকে প্রত্যাহার করে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। গলাচিপায় নির্বাচন-পূর্ব সংঘর্ষ: শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গলাচিপার চরকাজল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান ওরফে রুবেল মোল্লা ও মো. মহসিন ওরফে আলী আহম্মদ আকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের ছয়জন আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। একই রাত ১১টার দিকে রাঙাবালির গঙ্গিপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী আহসান কবির চান ও নজরুল ইসলাম প্যাদার সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হন। আজ ১৩১ ইউপিতে ভোট: আজ ৩ এপ্রিল রোববার ভোট গ্রহণের মধ্য দিয়ে সারা দেশে প্রথম পর্যায়ের ইউপি নির্বাচন শেষ হচ্ছে। আজ বরিশালের মুলাদী উপজেলার ছয় ইউপি, মেহেন্দীগঞ্জে ১২ ইউপি, হিজলার চার ইউপি, পটুয়াখালী সদরের ১২ ইউপি, পিরোজপুরের মঠবাড়িয়ার ১১ ইউপি, বরগুনার আমতলীর সাত ইউপি, খুলনার রূপসার চার ইউপি, ফুলতলার চার ইউপি, তেরখাদার ছয় ইউপি ও ডুমুরিয়ার ১৪ ইউপি, সাতক্ষীরার কলারোয়ার ১২ ইউপি ও তালার ১২ ইউপি, বাগেরহাটের মোরেলগঞ্জের ১৫ ইউপি ও শরণখোলার চার ইউপি, নোয়াখালীর সুবর্ণচরের আট ইউপিতে ভোট গ্রহণ করা হবে।