শান্তিপূর্ণ ভোট পটুয়াখালী ও পিরোজপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ দিনে গতকাল শুক্রবার দেশের দুই জেলার নয়টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। কোথাও সংঘর্ষের খবর পাওয়া যায়নি। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় সেখানে উৎসবের আমেজ দেখা গেছে।সকাল আটটা থেকে পটুয়াখালীর কলাপাড়ার চারটি ইউপি, পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাঁচটি ইউপিতে ভোট গ্রহণ করা হয়। বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য প্রতি উপজেলায় একজন করে বিচারিক ও নির্বাহী হাকিম নিয়োজিত ছিলেন।আজ ৭২টি ইউপিতে ভোট: আজ শনিবার ২ এপ্রিল পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৬টি ইউপি, পিরোজপুর সদরের চারটি ইউপি, জিয়ানগরের তিনটি ইউপি, ভোলার চরফ্যাশনের নয়টি ইউপি, তজুমদ্দিনের তিনটি ইউপি, মনপুরার দুটি ইউপি, ঝালকাঠির নলছিটির ১০টি ইউপি, বাগেরহাট সদরের ১০টি ইউপি, কচুয়ার সাতটি ইউপি, কক্সবাজারের টেকনাফের চারটি ইউপি, লক্ষ্মীপুরের কমলনগরের চারটি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।তিনটি ইউনিয়নে নির্বাচন স্থগিত: রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্তি নিয়ে দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও সাবরাং ইউনিয়নের নির্বাচন স্থগিতের আদেশ দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, শুক্রবার সন্ধ্যা ছয়টায় নির্বাচন স্থগিত হওয়ার কাগজ আসে। সঙ্গে সঙ্গে ওই সময়ই দুটি ইউনিয়নে নির্বাচন বন্ধ রাখার গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়। ফলে মাত্র ১৪ ঘণ্টা আগে নির্বাচন বন্ধ হওয়ার বিপাকে বিভ্রান্ত হন ওই দুটি ইউনিয়নের প্রার্থী ও ভোটাররা। এদিকে গতকাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের নির্বাচনও স্থগিত করা হয়।