শান্তিপূর্ণ হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বামপন্থী দুটি জোটের ডাকে আজ মঙ্গলবার সারা দেশে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। অন্যান্য হরতালের মতো কর্মসূচির আগের রাতে ও আজ কোথাও কোনো জ্বালাও-পোড়াও বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক ধর্মভিত্তিক দল নিষিদ্ধ, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার, আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনায় মালিকসহ দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি এবং জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) হরতালের ডাক দেয়।গ্যাস-বিদ্যুত্-জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ সাত দফা দাবিতে সিপিবি ও বাসদের সঙ্গে সমন্বয় রেখে গণতান্ত্রিক বাম মোর্চাও হরতালের ডাক দেয়। তাদের দাবির মধ্যে রয়েছে: তাজরীন পোশাক কারখানায় শ্রমিক হত্যাকাণ্ডের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা, অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বাড়িভাড়া নিয়ন্ত্রণ, সর্বগ্রাসী দুর্নীতি ও লুটপাটের বিচার, সীমান্ত হত্যা বন্ধ, সুন্দরবন ধ্বংসের ‘রামপাল বিদ্যুেকন্দ্র প্রকল্প’ বাতিল করা।হরতালে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর রাজপথে কিছুসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা ও হাতে গোনা কিছু বাস চলাচল করতে দেখা গেছে। অন্যান্য হরতালের মতো আজ বিআরটিসির বাস ঢাকার রাস্তায় দেখা যায়নি। বাস না থাকায় ঢাকার রাজপথ মূলত রিকশার দখলে। ভিআইপি সড়কের কোথাও কোথাও রিকশার জট লেগে যেতেও দেখা গেছে। তবে দুপুরের পর রাজধানীতে বাস ও অন্যান্য যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। বাংলামোটরের পরিবাগে বামপন্থী বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের কর্মীরা। ফার্মগেট থেকে শাহবাগ যাওয়ার পথে বাংলামোটর মোড়ে রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। এ কারণে বাংলামোটর মোড় থেকে শাহবাগ পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ। হোটেল শেরাটন মোড়, কাকরাইলের নাইটিংগেল মোড়, জিরো পয়েন্ট ও দৈনিক বাংলা মোড়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। এদিকে যান চলাচল করছে না। রাজধানীর পল্টন ও প্রেসক্লাব এলাকায় নির্বিঘ্নে হরতাল পালন করছে সিপিবি, বাসদ ও বাম গণতান্ত্রিক মোর্চার দলগুলো। এখানে দলগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। দলগুলোর নেতা-কর্মীরা মিছিল করছেন। পল্টন মোড়ে রাস্তার ওপর অবস্থান নিয়ে গণসংগীত পরিবেশন করে হরতাল কর্মসূচি পালন করছেন দলগুলোর নেতা-কর্মীরা। তাঁদের হাতে দেখা যায় যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করার দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন।অন্যান্য হরতালের তুলনায় আজ রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। বিভিন্ন স্থানে তাঁদের অলসভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কোথাও কোথাও পুলিশ হরতালকারীদের সহযোগিতা করছে। পল্টন এলাকায় দায়িত্বরত পুলিশের সহকারী কমিশনার নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, শান্তিপূর্ণ হওয়ায় পুলিশ হরতালের সমাবেশে কোনো বাধা দিচ্ছে না।যানবাহন না থাকায় যাত্রীদের দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হলেও অনেক যাত্রী আজকের হরতালের প্রতি তাঁদের নৈতিক সমর্থন জানিয়েছেন। বেসরকারি ব্যাংকার সৈয়দ আশরাফুজ্জামান বলেন, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ডাকা এ হরতাল সমর্থন করেন তিনি।আজকের হরতালে বিভিন্ন পোশাকশ্রমিক সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, প্রগতিশীল ছাত্রজোটসহ ৩০টি সংগঠন সমর্থন দিয়েছে।এদিকে আজ ছাত্র ইউনিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, তিনটি জেলায় ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ১৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে সুনামগঞ্জে ছাত্র ইউনিয়নের পাঁচজন, যশোরে ছাত্র ইউনিয়নের তিনজন ও কমিউনিস্ট পার্টির দুজন, মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের একজন এবং নরসিংদীতে কমিউনিস্ট পার্টির দুজনকে পুলিশ আটক করছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া মাগুরায় ছাত্রলীগ নামধারীরা কমিউনিস্ট পার্টির মিছিলে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ছাত্র ইউনিয়ন।