শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান ২৩ সংগঠনের
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে প্রগতিশীল হিসেবে পরিচিত ২৩টি সংগঠন। হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চের প্রতিবাদে এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই হরতাল ডাকা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই হরতালের ঘোষণা দেওয়া হয়।তবে চট্টগ্রামে হরতাল শুরু হবে শনিবার বিকেল তিনটায়। চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল ঘাতক দালাল নির্মূল কমিটির এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।ঢাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমরা হরতালে বিশ্বাস করি না। কিন্তু জামায়াতের পৃষ্ঠপোষকতায় হেফাজতের ডাকা লংমার্চ ও দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র প্রতিরোধে এই হরতাল ডাকতে আমরা বাধ্য হয়েছি।’এর আগে বুধবার রাতে প্রাথমিকভাবে এই হরতাল আহ্বানের কথা জানিয়েছিলেন নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।নাসির উদ্দীন ইউসুফ সংবাদ সম্মেলনে বলেন, ‘দেশের চলমান সংকট ও জটিল পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ, ৩০ লাখ শহীদ ও সমাজের প্রতি দায়বদ্ধ সংগঠন হিসেবে আমরা নীরব থাকতে পারি না। শান্তিপূর্ণভাবে এই হরতাল পালনের জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচিকে বিএনপি-জামায়াতের সমর্থনপুষ্ট বলে দাবি করেন নাসির উদ্দীন ইউসুফ। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৮-দলীয় জোট হেফাজতে ইসলামের কর্মসূচিকে সমর্থন দেওয়ায় এটিকে আর নির্দলীয় কর্মসূচি বলার সুযোগ নেই।’একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধ করা এবং হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচি রোধের লক্ষ্যে এ পর্যন্ত সরকারের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ হয়েই এই হরতাল ডাকা হয়েছে। তিনি বলেন, ২৪ ঘণ্টার হরতালে রাজপথ, সারা দেশের বাস টার্মিনাল, লঞ্চঘাট ও মহাসড়কে অবস্থান নেওয়া হবে। হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়নে মশাল মিছিল হবে। ৬ এপ্রিল সন্ধ্যা ছয়টায় হরতাল শেষে টিএসসিতে সংবাদ সম্মেলন করা হবে।হেফাজতে ইসলাম কর্মসূচির নামে যাতে কোনো নাশকতা না করতে পারে, সে জন্য সরকারকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার দাবি জানান শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করবে, এ নিশ্চয়তা কে দিয়েছে? ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে রেল পুড়িয়েছে, বাস ভাঙচুর করেছে, নাশকতা চালিয়েছে।’ব্লগারদের গ্রেপ্তারের সমালোচনা করে শাহরিয়ার কবির বলেন, তাঁদের যেভাবে রাতের অন্ধকারে আটক করে গণমাধ্যমের সামনে হাজির করা হচ্ছে, পাকিস্তানে ব্ল্যাসফেমি আইনে অভিযুক্ত ব্যক্তিদেরও সেভাবে হাজির করা হয়নি। অন্যদিকে, সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজব ছড়ানোসহ জামায়াতের যেসব ব্লগার ইসলামের প্রতি অবমাননাকর তৎপরতা চালাচ্ছে, তাদের আটকের ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই।সংবাদ সম্মেলনে জামায়াত-শিবিরের সমালোচনা করে বলা হয়, তারা গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মানুষকে খেপিয়ে তুলতে চেয়েছে এবং একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা চালিয়ে সাম্প্রদায়িকতা উসকে দিতে চেয়েছে। হরতাল সফল করতে এবং স্বাধীনতাবিরোধীদের রুখতে তৃণমূল পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠনেরও আহ্বান জানানো হয়।হরতাল আহ্বানকারী সংগঠনগুলো: সম্মিলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রজন্ম একাত্তর, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বাংলাদেশ হাক্কানি খানকা শরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট, জাতীয় কবিতা পরিষদ, মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম ঐক্য মঞ্চ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, পথনাটক পরিষদ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ মঞ্চ, গণসংগীত সমন্বয় পরিষদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, একাত্তর ফাউন্ডেশন ও আলতাফ মাহমুদ ফাউন্ডেশন যৌথভাবে এই হরতাল ডেকেছে। সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর নেতারাসহ উপস্থিত ছিলেন অজয় রায়, মুনতাসীর মামুন, রামেন্দু মজুমদার, মোহাম্মদ সামাদ, কাজী মুকুল, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ, শাহীন রেজা নূর, মেসবাহ কামাল প্রমুখ।বিভিন্ন দল ও সংগঠনের সমর্থন: হরতালে সমর্থন ও সংহতি জানিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ-আজাদী লীগ, সাম্যবাদী দল, গণতন্ত্রী মজদুর পার্টি, কমিউনিস্ট কেন্দ্র, গণঐক্য, জনসংহতি সমিতি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বিএসডি) ও ন্যাপ। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে দলটির কার্যালয়ে গতকাল এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া সেক্টর কমান্ডারস ফোরাম, গণজাগরণ মঞ্চ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, পেশাজীবী নারী সমাজ, বাংলাদেশ যুব মৈত্রী, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রমেন্ট, জাতীয় গণতান্ত্রিক লীগ, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও বিভিন্ন ছাত্রসংগঠনের সাবেক নেতারা এই হরতালে সমর্থন দিয়েছেন।