শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বিএনপির ডাকা সকাল-বিকেল হরতাল কর্মসূচি। হরতালের প্রথম ছয় ঘণ্টায় রাজধানীতে কোথাও বড় ধরনের কোনো সংঘর্ষ বা সহিংসতার খবর পাওয়া যায়নি। রাস্তায় পিকেটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি। আর শহরের প্রায় সব সড়কেই বাস-সিএনজিচালিত অটোরিকশা-রিকশা চলাচল স্বাভাবিক থাকলেও সংখ্যায় ছিল কম। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।রাজধানীর বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিবেদকেরা জানান, শাহবাগ, মত্স্য ভবন মোড়, বাংলামোটর, মগবাজার মোড়, বিজয় সরণিসহ রাজধানীর প্রায় সব সড়কেই অন্য দিনের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কম। তবে কোনো প্রাইভেট গাড়ি সড়কে চলাচল করতে দেখা যায়নি।মিরপুর ও গাবতলীতে লোকাল বাস স্বল্প পরিমাণে চলাচল করলেও কাউন্টারভিত্তিক বাস চলাচল বন্ধ রয়েছে। তবে গাবতলী থেকে আরিচা-পাটুরিয়ায় উদ্দেশে আধা ঘণ্টা পরপর বাস ছেড়ে যেতে দেখা যায়।সকাল নয়টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে মিছিলটি আবার ক্যাম্পাসের দিকে ফিরে যায়।জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বেলা সাড়ে তিনটার দিকে জজ কোর্ট এলাকা থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে। তবে পুলিশের বাধার কারণে মিছিলটি মূল সড়কে যেতে পারেনি।এদিকে আজ বেলা ১১ থেকে একটার মধ্যে কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং কোতোয়ালি ও বংশাল থানা স্বেচ্ছাসেবক লীগ হরতালবিরোধী মিছিল করেছে।এ ছাড়া সকাল সাড়ে আটটার দিকে রামপুরা এলাকার ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলকারীদের ধাওয়া করে পুলিশ সেখান থেকে চারজনকে আটক করে।যাত্রাবাড়ী, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে জামায়াতের নেতা-কর্মীদের আচমকা মিছিল বের করার খবর পাওয়া গেছে।জামায়াতের দলীয় সূত্র জানায়, আজ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ১৬ জনকে আটক করেছে পুলিশ।মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আশরাফুজ্জামান জানান, হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শাহবাগ থেকে তিনজন, পল্টন থেকে দুজন, মতিঝিল থেকে দুজন, রমনা থেকে একজন এবং খিলগাঁও থেকে একজনকে আটক করা হয়। মিছিল-পিকেটিং করার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।হরতালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দৃশ্য