শান্তিপূর্ণভাবে আজকের নির্বাচন সম্পন্ন করতে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ব-বিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত পুলিশ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনকারী শিক্ষকেরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আজ শুক্রবার উপাচার্য প্যানেলের নির্ধারিত নির্বাচন হওয়ার কথা।বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও শিক্ষক সমিতির সহসভাপতি আবুল খায়ের নির্বাচনে নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করার নির্দেশনা চেয়ে এই রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত ওই নির্দেশ দিয়ে আবেদনটি নিষ্পত্তি করে দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ্দীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।আইনজীবী শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে আবেদনকারীর আশঙ্কা জন্মেছে, তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচন-প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। তাই আদালত আবেদনকারী নির্বিঘ্নে যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন। কর্মসূচি প্রত্যাহার: উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে গতকাল সকাল সাতটা থেকে ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়ার প্রতিবাদে গত শনিবার থেকে তাঁরা আন্দোলন করছেন। শিক্ষকদের কর্মসূচির কারণে রোববার থেকে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেলা দেড়টার দিকে আন্দোলনকারীরা জানতে পারেন, বিশ্ববিদ্যালয় সিনেটের বিশেষ অধিবেশনে উপাচার্য প্যানেল নির্বাচনে কোনো প্রকার বাধা না দিতে হাইকোর্ট রুল জারি করেছেন।পরে বিকেল চারটার দিকে আন্দোলনকারী শিক্ষকেরা সাংবাদিকদের জানান, লিখিতভাবে উচ্চ আদালতের নির্দেশনার কপি পাওয়া মাত্র তাঁদের কর্মসূচি প্রত্যাহার করা হবে। সন্ধ্যা সাতটার দিকে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রশাসনিক ভবনের সামনে এসে আন্দোলনকারীদের আদালতের নির্দেশনা দেখালে তাঁরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। তবে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। অনশন কর্মসূচি পালনের স্থানটির চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান নিয়েছেন।‘সম্মিলিত শিক্ষক পরিষদের’ আহ্বায়ক অধ্যাপক এম এ মতিন প্রথম আলোকে বলেন, ‘আমরা উচ্চ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে অবরোধ তুলে নিয়েছি। তবে অনশন ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে পদ নিয়ে লড়াই: উপাচার্য প্যানেল নির্বাচনে কয়টি প্যানেলে কে কে নির্বাচন করছেন, তা গতকাল রাত নয়টা পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে আওয়ামীপন্থী শিক্ষকেরা একটি বা দুটি প্যানেলে বিভক্ত হয়ে এ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বলে জানা গেছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আন্দোলনকারী শিক্ষকদের মধ্য থেকে একজন থাকতে পারেন বলে জানা গেছে। উপাচার্য প্যানেল নির্বাচনে ৮৪ জন সিনেট সদস্য ভোট দেবেন। তাঁদের মধ্যে আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক আবদুল বায়েস ও বিএনপিপন্থী শিক্ষকদের প্রায় ২০ জন সদস্য রয়েছেন। এই সদস্যরা আন্দোলনের প্রতি সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নাও নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।নির্বাচনে অংশ নিতে পারেন যাঁরা: আজকের উপাচার্য প্যানেল নির্বাচনে কারা অংশ নিচ্ছেন, এ নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন মহল থেকে বর্তমান উপাচার্য মো. আনোয়ার হোসেন, সাবেক উপাচার্য মো. শরীফ এনামুল কবির, নূরুল আলম, ফারজানা ইসলাম, বর্তমান কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, আফসার আহমদ ও আবুল খায়েরের নাম শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কয়টি প্যানেল থেকে কারা অংশ নেবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষকেরা। এ ছাড়া মো. আনোয়ার হোসেন ও শরীফ এনামুল কবির একই প্যানেলে, না পৃথক প্যানেলে নির্বাচন করবেন, তা গতকাল রাত পর্যন্ত চূড়ান্ত হয়নি। শিক্ষকদের দাবি অনুযায়ী শরীফ এনামুল কবিরের সঙ্গে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সুসম্পর্ক রয়েছে। বর্তমান উপাচার্য মো. আনোয়ার হোসেন ও ফারজানা ইসলামকে আওয়ামী লীগের প্রভাবশালী একটি অংশ সমর্থন দিচ্ছে। অপরদিকে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে আফসার আহমদও নির্বাচনের বিষয়ে আশাবাদী।এদিকে সাবেক উপাচার্য আবদুল বায়েস নির্বাচনে অংশ নিচ্ছেন, শিক্ষকেরা এমন দাবি করলেও আবদুল বায়েস বিষয়টি সম্পূর্ণ গুজব বলে দাবি করছেন। সর্বশেষ উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৪ সালে। তৎকালীন উপাচার্য জসীম উদ্দিন আহমদের সময়কালে অনুষ্ঠিত ওই নির্বাচনে বিএনপিপন্থী দুটি প্যানেল অংশ নেয়। নির্বাচনে সমমনা শিক্ষক ফোরামের নেতৃত্বাধীন উপাচার্যবিরোধী প্যানেল জয়লাভ করলে খন্দকার মুস্তাহিদুর রহমানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর গত ২০ মে মো. আনোয়ার হোসেনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর দুই মাসের মধ্যেই তিনি উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করেন।উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘উচ্চ আদালত সুষ্ঠুভাবে নির্বাচন করার ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন, তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য আমি কাজ করে যাব। নির্বাচনে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় তা প্রতিহত করা হবে।’