শান্তিপূর্ণভাবে হরতাল ও অবরোধ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের ভাঙচুর, ককটেল বিস্ফোরণ কিংবা সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে দেশের প্রগতিশীল সংগঠনগুলো।হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চের প্রতিবাদ এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে এই হরতাল ও অবরোধ পালন করা হচ্ছে। কাল শনিবার বিকেল চারটা পর্যন্ত অবরোধ এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে।হরতাল চলাকালে আজ সন্ধ্যার পর ঢাকার রাস্তায় বাস ও ব্যক্তিগত গাড়ি একেবারেই কমে যায়। এ ছাড়া গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকেও দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। সদরঘাট থেকে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। তবে রেল চলেছে স্বাভাবিকভাবে। ঢাকায় রিকশা ও বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা চলেছে।হরতালের সমর্থনে সন্ধ্যায় শাহবাগ থেকে একটি মশাল মিছিল বের করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঘাতক দালাল নির্মূল কমিটি ও শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা ওই মিছিলে অংশ নেন। পরে তারা প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। এরপর মিছিলটি প্রেসক্লাব থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ফুলবাড়ী বাসস্ট্যান্ড ঘুরে আবার প্রেসক্লাবে এসে দ্বিতীয় দফায় সমাবেশ করে। হরতাল ও অবরোধের সমর্থনে সংস্কৃতিকর্মীরা শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত একটি মিছিল করেন।প্রেসক্লাবের সামনে সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘ধর্মীয় মৌলবাদী শক্তিকে রুখে দিয়ে দেশ বাঁচাতে এই হরতাল। আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। দেশবাসীকে শান্তিপূর্ণভাবে এই হরতাল পালনের আহ্বান জানাচ্ছি। আর যদি কেউ ভাঙচুর চালায়, নাশকতা করে, তাহলে ধরে নিতে হবে সে জামায়াত-শিবিরকর্মী। তাদের পুলিশের হাতে তুলে দিতে হবে।’সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুনতাসীর মামুন বলেন, জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসী সংগঠন। বিএনপিও তাদের সাম্প্রতিক তত্পরতার মাধ্যমে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ফলে এই দুই শক্তিকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম আমাকে মুরতাদ ঘোষণা করেছে। ইসলামে কেউ কাউকে মুরতাদ ঘোষণা করতে পারে না। যারা এটা করে, তাদের ধর্ম খারিজ হয়ে যায়।’ কবি মোহাম্মদ সামাদ বলেন, ‘জামায়াত-শিবির ও বিএনপি সারা দেশে যখন তাণ্ডব চালিয়েছে, তখন জনগণ অনেক জনপ্রতিনিধিকে কাছে পায়নি। ক্ষমতায় থেকে অনেকেই অর্থবিত্ত অর্জন করলেও জনগণের দুর্দিনে তাঁদের দেখা যায়নি। হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবির যখন ঢাকা শহর দখলের উদ্দেশে রওনা হয়েছে, তখন সাংস্কৃতিক কর্মীদেরই মাঠে নামতে হয়েছে।’নাট্যকার মামুনুর রশিদ হেফাজতে ইসলামের মঞ্চ দখলের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যার কাছে যা আছে, তা নিয়ে মাঠে নামতে হবে।’প্রাবন্ধিক মফিদুল হক বলেন, একাত্তর সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এ-দেশীয় দোসরদের সহযোগিতায় সবচেয়ে বড় মুসলিম গণহত্যার ঘটনা ঘটিয়েছে। এখন আবার তারা একই কাজ করছে।হরতাল আহ্বানকারীরা জানিয়েছেন, হরতাল ও অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীর সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর ও টঙ্গীতে পাঁচটি অস্থায়ী গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছে। এসব মঞ্চেও আজ সমাবেশ হয়েছে।গণজাগরণ মঞ্চের সংগঠকেরা জানিয়েছেন, অবরোধ কর্মসূচি চলাকালে শনিবার সন্ধ্যা পর্যন্ত তারা শাহবাগের প্রজন্ম চত্বরে মূল গণজাগরণ মঞ্চে কার্যক্রম চালাবেন। অবরোধ শেষে এখানেই কাল বিকেল চারটায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধ ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে ২৩টি প্রগতিশীল সংগঠন বৃহস্পতিবার এই হরতাল ঘোষণা করে। হরতাল-অবরোধের কারণে গাবতলী বাস টার্মিনাল থেকে আজ দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। দুপুরের আগে দু-একটি বাস ছাড়লেও বিকেল থেকে দূরপাল্লার আর কোনো বাস টার্মিনাল ছেড়ে যায়নি।হরতালের সমর্থনে বিকেলে টেকনিক্যাল মোড়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং উদীচীর কর্মীরা রাস্তার ওপর বসে ছিলেন। ঘাতক দালাল নির্মূল কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আলী আকবর, ঢাকা মহানগর সমন্বয়ক সাইফুদ্দিন রুবেল, উদীচীর কল্যাণপুর শাখার সভাপতি আবু সাঈদসহ নেতা-কর্মীরা সেখানে ছিলেন।