শান্তির ধর্ম ইসলামকে একটি শ্রেণী বিপথে ঠেলে দিচ্ছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মসজিদগুলোকে আল্লাহর দীন প্রচার, কল্যাণ ও উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত করে মসজিদে নববীর আদলে গড়ে তুলতে চায় বর্তমান সরকার। আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বর্ধিত অংশের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, একশ্রেণীর লোক শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা করে একে বিপথে ঠেলে দিচ্ছে। বিশ্বে ইসলামকে সমালোচিত করছে। এ থেকে আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সৌদি সরকারের আর্থিক সহযোগিতায় বায়তুল মোকাররমের বর্ধিত অংশে মিনার ও স্থাপনা নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্প অনুমোদন করেছে। এতে ইমাম ও আলেমদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং লাখ লাখ শিক্ষার্থী মসজিদে বসে শিক্ষা নেওয়ার সুযোগ পাচ্ছে। অনুষ্ঠানে সৌদি আরবের অর্থ উপমন্ত্রী মুহাম্মদ বিন সালেহ আল গিফাইলি, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, ধর্মসচিব ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।