প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির নতুন মডেল উপস্থাপন করে বলেছেন, এটি একটি বহুমাত্রিক ধারণা, যেখানে গণতন্ত্র এবং উন্নয়নকে সবার আগে স্থান দেওয়া হয়েছে। গতকাল শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শান্তির এ নতুন মডেল উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী এ সময় বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ারও আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার সারা জীবনের অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সামনে একটি শান্তির মডেল উপস্থাপন করতে চাই। এতে আছে ছয়টি পরস্পর ক্রিয়াশীল বিষয়, যা শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।’ তিনি বলেন, এগুলো হচ্ছে—(১) ক্ষুধা এবং দারিদ্র্য দূরীকরণ (২) বৈষম্য দূরীকরণ, (৩) বঞ্চনার লাঘব, (৪) ঝরে পড়া মানুষদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি, (৫) মানবসম্পদ উন্নয়ন ত্বরান্বিত করা এবং (৬) সন্ত্রাসবাদের মূলোৎপাটন।শেখ হাসিনা বলেন, ‘আমি এর নাম দিয়েছি “জনগণের ক্ষমতায়ন এবং শান্তিকেন্দ্রিক উন্নয়ন মডেল”। এর মূল বিষয় হচ্ছে, সব মানুষকে সমান চোখে দেখা এবং মানবিক সামর্থ্য উন্নয়নের কাজে লাগানো। একমাত্র শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই এসব বাস্তবায়ন করা সম্ভব।’ তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, শান্তির পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ৭০০ কোটি মানুষের এই বিশ্বকে আমরা পাল্টে দিতে পারব। এমন একটি বিশ্ব গড়তে সক্ষম হব, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।’ শান্তিকে উন্নয়নের সোপান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শান্তি তখনই বিরাজ করে যখন ন্যায়বিচার নিশ্চিত হয়। এ লক্ষ্যে শান্তিপূর্ণ মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য স্বদেশে এবং বিদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আমি বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দিতে আমাদের আবেদনের প্রতি সবার সমর্থন কামনা করছি।’ প্রধানমন্ত্রী বলেন, সময়ের পরিক্রমায় জাতিসংঘের ভূমিকায় পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষাই এখন জাতিসংঘের প্রধান কাজ নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তরাষ্ট্র জাতিগত সংঘাত নিরসন, সন্ত্রাসবাদ দমন, আন্তসীমানা অপরাধ দমন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা, দারিদ্র্য বিমোচন, পানি ও জ্বালানি-নিরাপত্তা তৈরি এবং ধনী ও গরিবের মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য বিলোপ।প্রধানমন্ত্রী বলেন, ‘এসব বিষয়ে জাতিসংঘের সাফল্যে আমাদের এ বিশ্বাসই জন্মেছে যে একবিংশ শতাব্দীতে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সবার সম্মিলিত ইচ্ছাকে আরও জোরদার করার মতো সক্ষমতা সর্বজনীনভাবে স্বীকৃত ও বৈধ একমাত্র আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘেরই রয়েছে।’প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ৩৬টি দেশের ৫২টি মিশনে বাংলাদেশ এ পর্যন্ত এক লাখ ২২ হাজার ৯৪ জন শান্তিরক্ষী পাঠিয়েছে। এসব মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের ১০৩ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। তিনি বলেন, জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনে জোটনিরপেক্ষ আন্দোলনের সমন্বয়কারী দেশ হিসেবে বাংলাদেশ সব সময়ই সংঘাত-পরবর্তী সমাজে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন এবং প্রতিকারমূলক কূটনীতির পক্ষে অভিমত দিয়ে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শান্তি রক্ষা অভিযানসংক্রান্ত বিভাগে পরিকল্পনা এবং কৌশল প্রণয়ন পর্যায়ে বাংলাদেশের যথাযথ প্রতিনিধিত্ব নেই। আলোচনার মাধ্যমে প্রতিবেশী ভারতের সঙ্গে বিদ্যমান সব সমস্যা সমাধানে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘আমার বর্তমান মেয়াদে এই চলতি মাসেই ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি। এই অমীমাংসিত বিষয় বিগত ৬৪ বছর ধরে আমার জনগণের দৈনন্দিন ভোগান্তির কারণ ছিল।’বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার প্রসঙ্গে সরকারের অবস্থান ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে একটি স্বাধীন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে আমাদের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের এসব উদ্যোগ সফল করতে এবং জনগণের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন। তিনি বলেন, ‘উন্নত বিশ্বের বাজারে আমাদের পণ্যের অবাধ প্রবেশের সুযোগ সৃষ্টি, বাণিজ্য বাধা অপসারণ, বৈদেশিক সাহায্যের অঙ্গীকার বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় সহযোগিতা প্রদানের মাধ্যমে এসব সহায়তা আসতে পারে।’ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য এ ধরনের সহায়তার নিশ্চয়তা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এ ক্ষেত্রে উন্নয়ন-সহযোগীদের অঙ্গীকার বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। খবর বাসস ও তথ্য বিবরণীর।বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ: আমাদের নিউইয়র্ক প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী গত শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘের সদর দপ্তরে মহাসচিবের সম্মেলনকক্ষে বান কি মুনের সঙ্গে বৈঠক ও কুশল বিনিময় করেন। বৈঠকে মুন জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন। জাতিসংঘের মহাসচিব বলেন, তিনি আগামী নভেম্বরে বাংলাদেশ সফর করতে পারেন।বৈঠকে বাংলাদেশে আদিবাসী নিয়ে বান কি মুনের এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা ও সেখানে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘আমরাই দেশের সবচেয়ে বড় আদিবাসী। অন্য যারা উপজাতি হিসেবে আছে, তারা আমাদের পূর্বপুরুষদের অনেক পরে বাংলাদেশে এসেছে। এই হিসেবে আদিবাসী বললে আমরাই আসল আদিবাসী।’এর আগে প্রধানমন্ত্রী কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। নিউইয়র্কে ওয়ার্ল্ভ্র অব অ্যাস্টোরিয়া হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।