শান্তির নোবেল এবার ইইউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপে শান্তি প্রতিষ্ঠা এবং বিভেদ দূর করে দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় ছয় দশকের প্রচেষ্টার স্বীকৃতি পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ইউরোপের দেশগুলোর এই জোটকে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ইউরোপকে টেনে তুলতে ইইউর নৈতিক মনোবল বাড়াবে এই পুরস্কার।অর্থনৈতিক সংকটের জেরে গত এক বছরে ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীতে বারবার সংঘাত দেখা গেছে। ইউরোপীয় একক মুদ্রা ইউরোকে কেন্দ্র করে সৃষ্ট এই সংকটের কারণে কোনো কোনো দেশ জোট ছেড়ে বেরিয়ে যেতে পারে, এমন আশঙ্কাও উঁকি দিচ্ছে। এমন একটি পরিস্থিতিতে ইইউকে শান্তিতে নোবেল দেওয়া হলো।শান্তিতে নোবেল বিজয়ী নির্বাচন করে নরওয়ের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি কমিটি। ইউরোপের দেশ হয়েও নরওয়ে ইইউর অন্তর্ভুক্ত নয়। রাজনৈতিকভাবে বিতর্কিত হওয়ার কারণে ইইউর সদস্যপদের প্রস্তাব দুই দুবার ফিরিয়ে দিয়েছে দেশটি। এ ছাড়া দুবার গণভোটে সদস্যপদের প্রস্তাব নাকচ করেছে নরওয়ের জনগণ।গতকাল শুক্রবার সকালে নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে ঘোষণা দেয়, ‘ইউরোপীয় ইউনিয়ন এখন ভয়াবহ সংকটের মধ্যে আছে। এই পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতার জন্য তাদের সদস্য নয়, এমন একটি দেশ নরওয়ের সহযোগিতা পাওয়ার দাবি রাখে তারা। এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।’নরওয়ের রাজধানী অসলো থেকে এই ঘোষণা দিয়ে নোবেল কমিটির চেয়ারম্যান থর্বজোয়ার্ন জ্যাগল্যান্ড বলেন, ইউরোপের অধিকাংশ অঞ্চলকে একটি যুদ্ধের মহাদেশ থেকে শান্তির মহাদেশে রূপান্তর করেছে ইউরোপীয় ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের পুনর্গঠন এবং ১৯৮৯ সালের বার্লিন দেয়ালের পতনের পর ইউরোপে স্থিতিশীলতা বিস্তারে ইইউর ভূমিকার প্রশংসা করেন নোবেল কমিটির চেয়ারম্যান।নরওয়ের জনগণের একটি বড় অংশ ইইউকে সমর্থন করে না। তাদের মতে, স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রসত্তার জন্য হুমকি ইইউ। ইইউর সদস্যপদের বিরুদ্ধে অবস্থান নেওয়া নরওয়ের প্রধান গ্রুপের নেতা হেমিং ওলাউসেন দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনআরকে বলেন, ইইউকে নোবেল দেওয়াটা হাস্যকর হয়েছে। ইইউ শুধু একটি বাণিজ্যিক জোট, তাদের কারণে এ অঞ্চলের অনেক দেশ এখনো দারিদ্র্যের ঘেরাটোপে বন্দী।পুরস্কার প্রাপ্তিতে ইইউর প্রেসিডেন্ট হারম্যান ভন রামপি বলেছেন, যুদ্ধ ও বিভেদ নিরসনে ইউরোপের দেশগুলোর ছয় দশকের প্রচেষ্টার প্রতি সম্মান এই পুরস্কার। আর ইইউ পার্লামেন্টের প্রধান মার্টিন স্লুৎস বলেছেন, ‘মতৈক্য মানেই ইইউ। এই পুরস্কার আমাদের জন্য উৎসাহ হিসেবে কাজ করবে।’ইইউ প্রতিষ্ঠায় জার্মানির রাজনীতিবিদদের বড় ভূমিকা ছিল। দেশটির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার তাই মনে করেন, নোবেল কমিটির সিদ্ধান্ত খুবই যথার্থ এবং এই পুরস্কার ইউরোপের মানুষের জন্য বড় উৎসাহ। তবে ইইউর নীতি-আদর্শের প্রতি সদস্য অন্য দেশগুলোর যতটা অঙ্গীকার আছে, ততটা প্রতিশ্রুতিবদ্ধ নয় যুক্তরাজ্য। ইইউর নোবেল প্রাপ্তিতে ব্রিটিশ সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বিরোধী দল লেবার পার্টির নেতা এড বলসের প্রতিক্রিয়া এমন, ‘আজ রাতে এথেন্সে নিশ্চয়ই খুব আমোদ-ফুর্তি হবে, তাই নয় কি?’ রয়টার্স, এএফপি, দ্য টেলিগ্রাফ।