শান্তিরক্ষা বাহিনীতে দেশের ভাবমূর্তি বাড়বে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হলো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান এফ-৭ বিজি-১ এবং এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার। গতকাল মঙ্গলবার সকালে কুর্মিটোলা বিমানঘাঁটিতে এর অন্তর্ভুক্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুর্মিটোলা বিমানঘাঁটির নামও গতকাল থেকে বদলে যায়। নতুন নাম হয়েছে ‘বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু’।সশস্ত্র বাহিনী সূত্র জানায়, চীনে তৈরি ১৬টি এফ-৭ বিজি-১ বিমানের মধ্যে আটটি ইতিমধ্যে দেশে এসেছে। বাকি আটটি চলতি বছরেই আসার কথা। রাশিয়ায় তৈরি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার তিনটিই এসে গেছে। এসব বিমান ও কপ্টারের মূল্য এক হাজার ৮৮৩ কোটি টাকা বলে জানা গেছে।অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন যুদ্ধবিমান ও হেলিকপ্টার সংযোজনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে দেশের ভাবমূর্তি বহু গুণ বাড়বে। বিমানবাহিনীর জন্য বড় ধরনের পরিবহন বিমান, সমুদ্রে তল্লাশি-উপযোগী হেলিকপ্টার ও প্রশিক্ষণ বিমান এবং বিমান প্রতিরক্ষা রাডার কেনার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে কক্সবাজার বিমান ঘাঁটিতে নতুন আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে বিমানবাহিনীতে। বিমানসহ যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য বঙ্গবন্ধু অ্যারোনটিকস সেন্টার স্থাপন করা হয়েছে।অন্তর্ভুক্তি অনুষ্ঠান উপলক্ষে সকাল ১০টায় বিমানঘাঁটিতে আসেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইমামুল বারী ও বঙ্গবন্ধু ঘাঁটির অধিনায়ক এয়ার কমোডর এহসানুল গণি চৌধুরী। মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, চীনের রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধানেরা ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর বক্তব্যের পর নতুন বিমানের দুরূহ কসরত দেখানো হয়। সারি বেঁধে পতাকা নিয়ে যায় হেলিকপ্টার। আবার রঙিন ধোঁয়া ছাড়তে ছাড়তে খুব নিচ দিয়ে উড়ে যায় যুদ্ধবিমান। শত্রুকে ধোঁকা দিয়ে নিক্ষেপ করে আগুনের গোলা। নতুন বিমানগুলো আকাশে চক্কর খেতে খেতে উড়ে যায় শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে। এর আগে নতুন বিমান ও হেলিকপ্টার প্রদর্শন করা হয়।বিমানবাহিনী সূত্র জানায়, চীনের সঙ্গে দুই সরকারের চুক্তির মাধ্যমে এফ-৭ বিজি ১ বিমান কেনা হচ্ছে। এ ধরনের মোট ১৬টি বিমান কেনার কথা রয়েছে। ২০১০-১১ অর্থবছরে দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি সই হয়। চুক্তির আওতায় প্রথম চারটি বিমান আসে গত বছরের নভেম্বরে। দ্বিতীয় চারটি আসে এ বছরের মার্চে। বাকি আটটির মধ্যে আগামী জুনে চারটি ও ডিসেম্বরে আরও চারটি আসার কথা রয়েছে। ১৬টি বিমানের মূল্য এক হাজার ৫৩৮ কোটি টাকা। প্রতিটির দাম ৯৬ কোটি টাকার বেশি। জানা গেছে, চতুর্থ প্রজন্মের তিনটি কপ্টারের মূল্য ৩৪৫ কোটি টাকা।