শান্তিরক্ষা মিশন থেকে গত এক বছরে পুলিশের আয় ২৩০ কোটি টাকা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে গত পাঁচ বছরে পুলিশ বাহিনী ৬৩০ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে গত এক বছরেই আয় হয়েছে ২৩০ কোটি টাকা। আজ রোববার পুলিশ সদর দপ্তরের এক ব্রিফিংয়ে কর্মকর্তারা এ তথ্য জানান। শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া দেশগুলোর নীতি-প্রথা ও বিধি তৈরি করে এমন ডকট্রিন ডেভেলপমেন্ট গ্রুপের (ডিডিজি) আন্তর্জাতিক বৈঠক উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পাঁচ দিনের এ বৈঠক কাল সোমবার সকালে ঢাকার শেরাটন হোটেলে শুরু হচ্ছে।পুলিশ কর্মকর্তারা জানান, এবারের বৈঠকে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া ৩৫টি দেশ ও পাঁচটি আন্তর্জাতিক সংস্থার ৫২ জন সদস্য অংশ নিচ্ছেন। এতে বাংলাদেশের তিনজন সদস্য অংশ নিচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহার খাতুন বৈঠকের উদ্বোধন করবেন।ডিডিজির বৈঠক উপলক্ষে আজ পুলিশ সদর দপ্তরের ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে সদর দপ্তরের উপমহাপরিদর্শক বেনজির আহমেদ, অতিরিক্ত মহাপরিদর্শক হাসিব আজিজসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রতিনিধি এন্ড্রু কারপেন্টার বক্তব্য দেন।ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তারা জানান, ১৯৮৯ সাল থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছেন। বর্তমানে এক হাজার ৬০৪ জন পুলিশ সদস্য বিভিন্ন দেশে শান্তিরক্ষার কাজ করছেন। তিন বছর ধরে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি পুলিশ পাঠানোর তালিকায় রয়েছে। তাঁরা আরও জানান, ২০০৫ সাল থেকে বাংলাদেশ থেকে সুসজ্জিত দল পাঠাতে শুরু করে। এ ধরনের মিশনের জন্য পুলিশ সদস্যরা তাঁদের ব্যবহারের সব ধরনের সরঞ্জাম যেমন, সাঁজোয়া যান, অস্ত্র, গোলাবারুদ, দাঙ্গা দমনের সরঞ্জাম, গাড়িসহ সব ধরনের সরঞ্জাম সঙ্গে নিয়ে যান। বর্তমানে বাংলাদেশ পুলিশের ১০টি সুসজ্জিত দল চারটি মিশনের দায়িত্ব পালন করছে। সেগুলো হলো আইভরি কোস্ট, পূর্ব তিমুর, কঙ্গো ও সুদানের দারফুর। এতে বলা হয়, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ছয় হাজার ২০৩ জন সদস্য ১৮টি মিশনের অংশ নিয়েছেন। বর্তমানে বিভিন্ন মিশন থেকে নারী পুলিশ সদস্যদের পাঠানোর প্রস্তাব পাঠানো হয়েছে।