শান্তিরক্ষী বাহিনীকে আইভরিকোস্ট ত্যাগের নির্দেশ জিবাবোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরিকোস্টের বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট লুরেন্ট জিবাবো সে দেশে অবস্থানরত শান্তিরক্ষীদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছেন।গতকাল শনিবার আইভরিকোস্টের সরকারি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রেসিডেন্টের মুখপাত্র জ্যাকুলাইন ওবল বলেন, ‘প্রেসিডেন্ট জিবাবো জাতিসংঘ ও ফরাসি সেনাদের দ্রুত আইভরিকোস্ট ত্যাগের আহ্বান জানিয়েছেন।’ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতিসংঘ ও ফরাসি সেনারা আইভরিকোস্টের অভ্যন্তরীণ ব্যাপারে গুরুতর হস্তক্ষেপ অব্যাহত রেখেছে।জিবাবোর মুখপাত্র জাতিসংঘ ও ফরাসি সেনাদের বিরুদ্ধে দেশটির সাবেক বিদ্রোহীদের সঙ্গে ষড়যন্ত্রেরও অভিযোগ এনেছেন।জাতিসংঘসহ বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো ইতিমধ্যেই আইভরিকোস্টের বিরোধীদলীয় নেতা অ্যালাসেন ওয়াতারাকে সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে।যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ জিবাবোকে সতর্ক করে দিয়ে বলেছে, ক্ষমতা ছেড়ে না দিলে আইভরিকোস্টের ওপর কঠোর অবরোধ আরোপ করা হতে পারে।এদিকে আইভরিকোস্টে চলমান রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে আফ্রিকান ইউনিয়ন ইতিমধ্যে দেশটির সাংগঠনিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রেখেছে।ওয়াতারা বর্তমানে আবিদজানে জাতিসংঘ সেনাদের নিরাপত্তায় একটি হোটেলে অবস্থান করছেন।গত ৩১ অক্টোবর দেশটিতে প্রথম দফা এবং ২৮ নভেম্বর দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফা নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফল নিয়ে আইভরিকোস্টে রাজনৈতিক সংকট দেখা দেয়।নির্বাচন শেষে প্রাথমিকভাবে বিরোধীদলীয় প্রার্থী অ্যালাসেন ওয়াতারাকে বিজয়ী হিসেবে ঘোষণা দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময় নির্বাচনী ফলাফল বর্তমান প্রেসিডেন্ট লুরেন্ট জিবাবোর দিকে ঝুঁকে পড়ে।বর্তমান প্রেসিডেন্ট লুরেন্ট জিবাবো এবং বিরোধীদলীয় প্রার্থী অ্যালাসেন ওয়াতারা দুজনই নিজেকে এই নির্বাচনে বিজয়ী দাবি করে শপথ নিয়েছেন।এদিকে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, জাতিসংঘ মহাসচিব শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করার ব্যাপারে জিবাবোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। বিবিসি।