শাপলা চত্বরে সমাবেশের অনুমতি পেল ১৮ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ৪ মের সমাবেশ করার অনুমতি পেয়েছে ১৮-দলীয় জোট। আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভাষণ দেবেন। জোটের পক্ষ থেকে মতিঝিলের শাপলা চত্বর অথবা নয়াপল্টনের নাইটিংগেল মোড়ে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার এ দুটি স্থানের একটিতেও সমাবেশ করার অনুমতি না দিয়ে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতির কথা জানানো হয়।এতে ১৮ দলীয় জোট রাজি না হওয়ায় তাঁরা আজ মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানেই জোটকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ১৮-দলীয় জোট। বিএনপির নেতারা ইতিমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।দলের একটি সূত্র জানায়, সমাবেশ থেকে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ, ঢাকা ঘেরাও ও ৬০ ঘণ্টা হরতাল ঘোষণার কথা ছিল। কিন্তু এখন সংলাপের সম্ভাবনার কারণে কর্মসূচি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।