কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সরাতে সরকার কোনো বাড়াবাড়ি করেনি। হেফাজতে ইসলামের নেতারা ওয়াদা রাখেননি। তাঁরা জানমালের ক্ষতি করেছেন। জনগণের নিরাপত্তার স্বার্থে সরকারকে অভিযান চালাতে হয়েছে। আজ শনিবার বিবিসি সংলাপে এক দর্শকের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ মন্তব্য করেন। রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত ওই সংলাপের অপর নির্ধারিত আলোচক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের জনগণের কাছে হেয় করতে, সন্ত্রাসী হিসেবে দেখানোর জন্য আওয়ামী লীগের কর্মীরা তাণ্ডব চালিয়েছেন। রক্তপাত ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত। সরকার তাঁদের সরে যাওয়ার আহ্বান জানাতে পারত। কৃষিমন্ত্রী বলেন, সরকারি দলের সাধারণ সম্পাদক হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। পুলিশ মাইকে বারবার বলেছে। সরকার ধৈর্য ধরেছে। এত কম ক্ষতিতে আর কোনো অভিযান পরিচালিত হয়নি। মতিয়া চৌধুরী বলেন, ‘হেফাজতে ইসলামের আমির আল্লামা শফীকে সবাই শ্রদ্ধা করে। এর আগে যখন তিনি শান্তিপূর্ণ সমাবেশ করবেন বলেছিলেন, তিনি কথা রেখেছিলেন। উনি যদি ৫ মে ঘটনাস্থলে এসে ঘোষণা দিতেন, তাহলে তাঁর অনুসারীরা চলে যেতেন। তিনি পলাশী পর্যন্ত এসে ফিরে গেছেন।’ পবিত্র কোরআন পোড়ানো ও রাষ্ট্রীয় সম্পত্তি নষ্টে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন না বলে হান্নান শাহকে চ্যালেঞ্জ করেন মতিয়া চৌধুরী। হান্নান শাহ বলেন, গোয়েন্দা তথ্য ছিল, সমাবেশে গন্ডগোল হবে। তারপরও সরকার কেন তাদের সমাবেশের অনুমতি দিল, এটা খতিয়ে দেখা দরকার। যত দূর জানা যায়, আল্লামা শফী সরকারের হেফাজতে ছিলেন। তাঁকে সমাবেশে আসতে দেওয়া হয়নি। পরের দিন পুলিশ ও র্যাব নিরাপত্তা দিয়ে তাঁকে প্লেনে তুলে দেয়।বিরোধী দলের নেতা হান্নান শাহ বলেন, ‘হেফাজতে ইসলাম যে ১৩ দফা ঘোষণা দিয়েছে, তার সব কটি দফার সঙ্গে আমরা একমত নই। বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান, তাই তাদের প্রতি আমাদের সমর্থন আছে।’ হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের পাশে থাকার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বান প্রসঙ্গে হান্নান শাহ বলেছেন, মানবতার খাতিরে যা যা করা দরকার ছিল তা-ই করার নির্দেশ দেওয়া হয়েছিল।আলোচনার সম্ভাবনা শেষ হয়ে যায়নিসংলাপ প্রসঙ্গে মতিয়া চৌধুরী ও হান্নান শাহ দুজনেই বলেছেন, আলোচনার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ৪৮ ঘণ্টার ‘আলটিমেটাম’ প্রসঙ্গে হান্নান শাহ বলেছেন, সংলাপের ব্যাপারে সরকারের মনোভাব বোঝার জন্য বিএনপি চেয়ারপারসন এ কথা বলেছিলেন। সে জন্যই তিনি প্রধানমন্ত্রীকে চায়ের দাওয়াতও দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবউল্লাহ বলেন, ‘সংলাপ প্রসঙ্গে পর্দার অন্তরালে কথা হচ্ছে। জাতিসংঘের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল এসেছেন। তিনি নিশ্চয়ই কিছু না কিছু বলবেন।’ ওয়ারক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসান বলেছেন, ‘আলটিমেটাম’ দিয়ে সমঝোতা হয় না। বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলই ফায়দালোভী, শঠতাভিত্তিক রাজনীতি করে। যত দিন পর্যন্ত না তারা এই ধারা থেকে বেরিয়ে আসছে, তত দিন পর্যন্ত সংলাপ করেও লাভ হবে না।‘প্রথম আলো’র জরিপ নিয়ে সংলাপে আলোচনাআলোচনার এক পর্যায়ে ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায় বলে ‘প্রথম আলো’য় প্রকাশিত জরিপ সম্পর্কে সরকারের অবস্থান কী, জানতে চান সংলাপের সঞ্চালক আকবর হোসেন। কৃষিমন্ত্রী বলেন, ‘“প্রথম আলো”র জরিপকে তখনই গুরুত্ব দেব, যখন জনগণ চাইবে।’ তিনি ‘প্রথম আলো’র জরিপপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমি বলতে বাধ্য হচ্ছি, এই পত্রিকাটি নিরপেক্ষ নয়। এর একটি নিজস্ব দিগদর্শন আছে। ২০০৮ সালে পত্রিকাটি মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছে।’ আ স ম হান্নান শাহ বলেন, ‘জরিপ-টরিপ কিছু না, আপনারা গণভোটে যান।’ উত্তরে মতিয়া চৌধুরী বলেছেন, সংবিধানসম্মত উপায়ে সরকার অগ্রসর হবে।