শাপলা চত্বরের ঘটনায় বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে কী ঘটেছিল, সেই প্রকৃত ঘটনা উদঘাটনে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।আজ সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ এ আবেদনটি করেন।রিট আবেদনে চলতি মাসের ৫ ও ৬ তারিখ শাপলা চত্বরের ঘটনায় সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত পাঁচ বিচারপতির সমন্বয়ে কমিশন গঠনে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ ও আইন সচিব এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়েছে।রিট আবেদনে ৫ ও ৬ মে মতিঝিল শাপলা চত্বরে কী ঘটেছিল, তা তদন্তে সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারিক কমিশন গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে।এ ছাড়া ফুটপাতের হকারসহ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। আজই বিষয়টি হাইকোর্টে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।