শাপলা চত্বরের নিয়ন্ত্রণ র্যাব-পুলিশ-বিজিবির হাতে
মতিঝিলের শাপলা চত্বর এলাকার নিয়ন্ত্রণ এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে। রাতে র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বরের সমাবেশস্থল থেকে হেফাজতে ইসলামের কর্মীরা পালিয়ে যান।রাত ২ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে ইসলামের কর্মীদের ছত্রভঙ্গ করে দিতে শাপলা চত্বরের চারপাশ থেকে অভিযান শুরু করে। এ সময় তারা সমাবেশস্থল লক্ষ্য করে টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে।ঘটনাস্থলে উপস্থিত আমাদের প্রতিবেদক জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতে সমাবেশস্থল লক্ষ্য করে টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়েছে। শাপলা চত্বরের সমাবেশস্থল লক্ষ্য করে চারপাশ থেকে অভিযান শুরু করেন তারা। এ সময় পুরো এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এর আগে রাত ১ টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদের শাপলা চত্বর থেকে সরিয়ে দিয়ে ধীরে ধীরে চারদিক থেকে এগোতে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ সকাল থেকে হেফাজতের সদস্যরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করে। পরে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে যোগ দিতে এসে ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে তারা। হেফাজতের এই তাণ্ডব ছড়িয়ে পরে পল্টন, সচিবালয়, বিজয় নগর, বায়তুল মোকাররম, নয়াপল্টনসহ পুরো এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করে। হেফাজতের কর্মীদের সন্ধ্যার পর মতিঝিল ত্যাগ করার কথা থাকলেও সন্ধ্যার পর থেকে তারা সেখানে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখে। হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শাহ শফীর ওই সমাবেশে বক্তব্য দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত পাল্টান। সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েও আবার লালবাগে ফিরে যান তিনি।এদিকে হেফাজতের কর্মসূচি শেষ হতে না হতেই প্রধান বিরোধী দল বিএনপি রাজধানীবাসীকে হেফাজতের পাশে থাকার আহ্বান জানায়। আগামীকাল থেকে তারাও কঠোর কর্মসূচি দিয়ে সরকারকে চাপে রাখতে চায়। এ অবস্থায় হেফাজতকে রাজপথ থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান বলে জানা গেছে।