শাবাশ রাশেদা
মঞ্চে অভিনয় করে মেয়েটি। নাটকের মাধ্যমে তুলে ধরে সমাজের নানা অসংগতি। দাদন ব্যবসা, যৌতুক ও জুয়া খেলার মতো সামাজিক অবক্ষয়ের নানা দিক তার অভিনয়ে উঠে আসে। মেয়েটির নাম রাশেদা বেগম। বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কাদির পণ্ডিতের হাট চরে। এই অভিনয় তার জীবনকে বিপর্যস্ত করে তোলে। নাটকের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার অপরাধে মাদ্রাসাপড়ুয়া এই ছাত্রীকে বেত্রাঘাতের পর শ্রেণীকক্ষ থেকে বের করে দেওয়া হয়।অভিযুক্ত ব্যক্তিরা শিক্ষক হওয়ায় সমাজে তাঁদের প্রভাব রয়েছে। কিন্তু দমে যায়নি হতদরিদ্র পরিবারের মেয়ে রাশেদা। ১৮ দিন সে ক্লাসে যাওয়ার জন্য সংগ্রাম করে। অবশেষে সে-ই জয়ী হয়েছে। ‘আমি মাদরাসায় যাইলে তারা রাখে নাই, তাড়াইয়া দেছিল। সমাজে বিচার চাইলাম, কেউ কিছু করল না। এ জন্য প্রশাসন, পুলিশের কাছে সবকিছু লিখে জানাইছিলাম। এখন তারা আমাকে ক্লাসে যেতে কইছে।’ এ কথা বলল ভুক্তভোগী ছাত্রী রাশেদা বেগম। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কাদির পণ্ডিতের হাট চরে জগবন্ধু ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়ে সে। গ্রীষ্মের ছুটি শেষে গত ২ জুন রাশেদা মাদ্রাসায় গেলে তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়, এরপর ১৯ জুন পর্যন্ত সে অনুনয়-বিনয় করে ক্লাসে যাওয়ার জন্য। উপায় না দেখে ২০ জুন রাশেদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার পর পাল্টে যায় দৃশ্যপট। পত্রিকায় খবর প্রকাশিত হয়, মানবাধিকার সংগঠন সম্পৃক্ত হয়, এগিয়ে যায় স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসন।এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ আপস করেছে। বিনা খরচে তারা রাশেদাকে পড়াতে চায়। এমনকি ওই ছাত্রীর প্রতি কেউ ব্যঙ্গাত্মক আচরণ করবে না মর্মে দায়িত্ব নিতে চায় মাদ্রাসা কর্তৃপক্ষ।গত ২১ জুন দুপুরে মাদ্রাসায় অনুষ্ঠিত এক সালিস বৈঠকে অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসা কর্তৃপক্ষ দোষ স্বীকার করে। ভুক্তভোগী রাশেদা ও তার বাবা মোহাম্মদ আলী তাঁদের লিখিত অভিযোগ প্রত্যাহার করতে রাজি হন।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক খান জানান, রাশেদা বেগমের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুন্নবী, শিক্ষক মো. ইসমাইল হোসেন ও মো. নুরুল আমিনের বিরুদ্ধে লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দণ্ডবিধির ৩২৩ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। এদিকে রাশেদা বেগমকে বেত্রাঘাত করায় অভিযুক্ত শিক্ষক মো. ইসমাইল হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।রাশেদাকে বেত্রাঘাত করার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে লক্ষ্মীপুর জেলা সদরের সব সাংস্কৃতিক সংগঠন ও নারী সংগঠনের নেতা-কর্মীরা গত ২৫ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক ঘণ্টা মানববন্ধন করেন। ‘এ ঘটনায় আপস বা সালিস নিষ্পত্তির সুযোগ নেই। এ ধরনের নিষ্পত্তির সঙ্গে উপজেলা প্রশাসন একমত নয়। আইনানুগভাবেই বিষয়টির নিষ্পত্তি হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন গত ২২ জুন প্রথম আলোকে এ কথা বলেন। ‘নাটকে অভিনয় করে অন্যায় কিছু করেনি আমার মেয়ে। মেয়ের লেখাপড়ার স্বার্থে এবং সমাজের লোকজনের মধ্যস্থতায় সালিসের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’ জানালেন রাশেদার বাবা মোহাম্মদ আলী। ‘দাই নামের নাটকে আমার চরিত্র ছিল একজন জেলের স্ত্রীর। সংসারে অভাব-অনটন, স্বামী ঋণগ্রস্ত। জুয়া খেলে নিঃস্ব হয়ে যায়। দাদনের টাকা শোধ করতে পারে না। এসব বিষয় নিয়ে নাটকটি তৈরি হয়েছিল। তার জালে মাছ ধরা পড়ে না। দাদনের টাকা শোধ করতে না পেরে সে পালিয়ে বেড়ায়। মেয়েকে স্কুলে পাঠাতে পারি না। খেতে দিতে পারি না।’ এভাবে অভিনয়ের বর্ণনা দেন রাশেদা।রাশেদার নিজের জীবনও সমস্যায় জর্জরিত। অসুস্থ ছিল কয়েক বছর। স্কুলে পড়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত, এরপর নবম শ্রেণীতে মাদ্রাসায় ভর্তি হয়।অভিযুক্ত শ্রেণীশিক্ষক মো. ইসমাইল প্রথমে দাবি করেন, নাটকে অভিনয় করে সে মাদ্রাসার ভাবমূর্তি নষ্ট করায় তাকে শাসন করা হয়েছে। পরে সালিস বৈঠকে তিনি দুঃখ প্রকাশ করেন।রাশেদা এখন মাদ্রাসায় যায়। মাস ছয়েক পর তার দাখিল পরীক্ষা। সমাজের অসংগতির বিরুদ্ধে সে রুখে দাঁড়িয়েছে। একটুও সাহস হারায়নি। শাবাশ রাশেদা। [email protected]