শাবাশ সোনালি! শাবাশ শিউলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী সোনালির বাল্যবিয়ে রুখে দিল তারই এক বান্ধবী শিউলি আক্তার। সম্প্রতি ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এমন ঘটনার উদ্ভূত পরিস্থিতি ও বাল্যবিয়ে রোধ করা নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মতবিনিময় সভাও করা হয়। এ সভায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে এই বাল্যবিয়ে বন্ধ হয়েছে ঠিকই; কিন্তু কত দিন! এমন প্রশ্ন সবার মধ্যে যেন ঘুরপাক খাচ্ছে। জানা যায়, রংপুর শহরের খলিফাপাড়া এলাকার দরিদ্র রিকশাচালক শহীদুল ইসলামের মেয়ে সোনালি আক্তার ওরফে দয়ালী লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে। তার বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল গত ২৪ জানুয়ারি। তারই মা-বাবা এই বাল্যবিয়ের আয়োজন করতে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেন। বাল্যবিয়ের শিকারের মুখোমুখি পঞ্চম শ্রেণীতে পড়া ছাত্রী সোনালি বলে, ‘অনেক দিন থেকে আমার মা-বাবা আমাকে বিয়ে দিতে চাইছেন; কিন্তু এত কম বয়সে আমি বিয়েতে রাজি না হওয়ায় বাবা-মা আমার কথা শুনতেই চাননি। শেষমেশ শহরের ধাপ বাজারের এক মসলার দোকানদার মজিদের সঙ্গে বিয়ে ঠিক করেন।’ সোনালি আরও বলে, ‘যখন দেখছি বিয়ে হয়েই যাচ্ছে, তখন আমার সহপাঠী এক বান্ধবী শিউলিকে পুরো ঘটনা জানিয়ে একটি চিঠি লিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করতে বলি। সেই অনুযায়ী আমার বান্ধবী কাজও করেছে।’ সোনালির বান্ধবী শিউলি বলে, ‘এত কম বয়সে আমার এক বান্ধবীর বিয়ে হবে তা কী করে মেনে নেওয়া যায়? তার একটি চিঠি পাই। আমার ভীষণ খারাপ লাগে। ঠিক থাকতে পারিনি। অবশেষে এ বিয়ে বন্ধ করার জন্য ছুটে যাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে।’ শহরের লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা বলেন, ‘সোনালি পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং ক্লাসের প্রথম স্থান অধিকারী মেধাবী মেয়ে। তার এমন খবর পেয়ে আমি আঁতকে উঠি। এরপর ছুটে যাই এখানে-ওখানে, এই বিয়ে বন্ধ করতে। তবে এ বিয়ে রুখে দেওয়ার জন্য তার বান্ধবী শিউলির ভূমিকা ভোলার নয়। কেননা সে-ই ছুটে এসেছে তার অসহায় বান্ধবী সোনালিকে উদ্ধার করতে। মানে বিয়ে বন্ধ করতে। শেষে পরিবারকে চাপ দিয়ে এই বিয়ে বন্ধ করা হয়।’ মেয়ের বাবা রিকশাচালক শহীদুল ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ। মেয়ের জন্য পাত্র পেয়েছিলাম বলে রাজি হয়েছি। আর পাত্রের চাওয়া যৌতুকের ৪০ হাজার টাকার মধ্যে অনেক কষ্ট করে ১০ হাজার টাকাও দিয়েছিলাম। আসলে আমি ভুল করেছি।’ মেয়ের মা হামিদা বেগম বলেছেন, ‘অমরা গরিব মানুষ। মেয়েকে পার করতে পারলেই হাঁফ ছাড়া যায়।’ এদিকে এই বাল্যবিয়ে বন্ধ হওয়ার পর গত ২৪ জানুয়ারি জেলা প্রশাসনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বি এম এনামুল হক। উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়েটির বাল্যবিয়ে বন্ধ হলো ঠিকই। কিন্তু এর পরও মেয়েটির বিয়ের ব্যাপারে এখনো কথাবার্তা চলছে। পরিবার এখন মুখ খুলছে না। বিয়ে বন্ধ করতে তারই বান্ধবী শিউলি ছুটে গেলেও পরে সে আর কতই বা ছুটে যাবে, এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে।