শাভেজ শাসনের যুগপূর্তি পালিত
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ গতকাল বুধবার তাঁর শাসনামলের এক যুগপূর্তি উদযাপন করছেন। এ উপলক্ষে তিনি তাঁর সমর্থকদের সমাজতান্ত্রিক বিপ্লবকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাভেজ দেশবাসীকে তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন। ৫৬ বছর বয়সী শাভেজ ২০১২ সালের নির্বাচনে পুনরায় জয়লাভ করার ব্যাপারে তাঁর আত্মবিশ্বাসের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা হবে কঠিন এবং একটা ভালো নির্বাচন।’শাভেজের মতে, আগামী দিনে তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হবে, সব শেষ বন্যায় গৃহ হারাদের জন্য বাড়িঘর নিশ্চিত করা এবং উচ্চমাত্রার সহিংস অপরাধ নিয়ন্ত্রণ করা। তবে দেশটির বিরোধীরা এখনো তাঁদের প্রার্থী নির্বাচন করেননি। ২০১২ সালের নির্বাচনে জয়লাভের ব্যাপারে তাঁরও আশাবাদী। ভেনিজুয়েলার বিরোধীরা শাভেজের বিরুদ্ধে দেশটির তেল সম্পদের অপচয়, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ করেছে। এ ছাড়া শাভেজ ভেনিজুয়েলাকে একটি একনায়কতান্ত্রিক দেশে পরিণত করতে চান বলেও অভিযোগ রয়েছে। এ লক্ষ্যে ২০০৯ সালে শ্যাভেজ একটি আইন পাস করেন। এ আইনের ফলে দেশটির পার্লামেন্ট তাঁকে আজীবন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছে। তবে শাভেজ বরাবরের মতো তাঁর বিরুদ্ধে আনা এ ধরনের অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘এখানে নির্বাচন হয় এবং তাতে আমরা স্বচ্ছতার সঙ্গে বিপুল ব্যবধানে জয় লাভ করেছি।’ এদিকে ভেনিজুয়েলার বাইরে কিউবা, বলিভিয়া, আর্জেন্টিনাসহ অনেক দেশেই শাভেজের শাসনের এক যুগপূর্তির অনুষ্ঠান পালিত হয়েছে।প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারি হুগো শাভেজ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। বিবিসি।