শাভেজ-সান্তোস বৈঠক, কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে ঐকমত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ ও কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস দুই দেশের মধ্যে ভেঙে পড়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে ঐকমত্যে পৌঁছেছেন। কলম্বিয়া ভেনেজুয়েলার বিপক্ষে বামপন্থী বিদ্রোহীদের মদদদানের অভিযোগ করায় গত মাসে শাভেজ কলম্বিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। এ বৈঠকে দুই নেতা নিজেদের মধ্যে আদর্শগত মতপার্থক্য থাকার পরেও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের স্বার্থে তা ভুলে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন।কলম্বিয়ার সান্তা মারটায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় আলোচনায় এ দুই নেতা মূলত দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারেই আলোচনা করেছেন। এ বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ কলম্বিয়াকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, বামপন্থী বিদ্রোহীদের ব্যাপারটা কলম্বিয়ার একান্তই অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপার। এখানে ভেনেজুয়েলার মদদ দেওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, ভেনেজুয়েলার শান্তিপূর্ণ বিপ্লব কলম্বিয়ার জন্য হুমকির নয়।কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস এ বৈঠককে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পথে একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। এর আগে সান্তোসের পূর্বসূরি আলবার্তো ইউরাইবে অভিযোগ করেছিলেন, ভেনেজুয়েলা কলম্বিয়ার প্রায় দেড় হাজার বামপন্থী ফার্ক ও ইএলএন বিদ্রোহীদের আশ্রয়সহ অস্ত্র দিয়ে সহায়তা করছে। গতকালের বৈঠকে শাভেজ এ অভিযোগ সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, ভেনেজুয়েলা কখনই দেশের ভূখণ্ডে অন্য দেশের বিদ্রোহীদের আশ্রয় দেয় না, অতীতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।এ দুই নেতা বৈঠকে সামাজিক বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, মুক্তবাণিজ্য, নিরাপত্তাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়েও ঐকমত্যে পৌঁছেছেন। রয়টার্স।