শামশাহ্ সেতু ধসে পড়েছে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ
রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত কাটগড়া নদীর ওপর নির্মিত শামশাহ্ সেতু ধসে পড়েছে। প্রায় ৮০ বছর আগে ব্যক্তিগত উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়েছিল। গত বছর সেতুটি ধসে পড়ার মধ্য দিয়ে ওই দুই উপজেলার ২০ গ্রামের মানুষের সেতুবন্ধ ছিন্ন হয়েছে। আজও তা পুনর্নির্মাণের উদ্যোগ না নেওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে।জানা গেছে, ১৯৩২ সালে দুই উপজেলার মানুষের চরম দুর্ভোগ লাঘবের জন্য এলাকার প্রয়াত মাহ্মুদ শাহ্ ব্যক্তিগত উদ্যোগে কাটগড়া নদীর ওপর ওই সেতু নির্মাণ করেন। তিনিই সেতুটির নামকরণ করেন শামশাহ্ সেতু। সেতুটির এক প্রান্ত বদরগঞ্জ উপজেলায় এবং অপর প্রান্তটি মিঠাপুকুর উপজেলায় পড়েছে। পুরোনো হওয়ায় গত বছর ওই সেতু ধসে পড়ে। এর পর থেকে বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার ২০ গ্রামের মানুষ নদী পারাপারে চরম সমস্যায় পড়ে। এর ক্ষতিকর প্রভাব পড়েছে কৃষিসহ ব্যবসা-বাণিজ্যেও। এলাকাবাসীর অভিযোগ, সেতুটি ধসে পড়ার আগেই তা পুনর্নির্মাণের জন্য এলাকার জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিলেও কাজ হয়নি। বর্তমানে সেতুটির পাশে এলাকার লোকজন নিজেরাই তৈরি করেছে বাঁশের সাঁকো। শুকনা মৌসুমে এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে কোনো রকমে চলাচল করা সম্ভব হলেও যানবাহন চলে না। বর্ষাকালে নৌকাই একমাত্র ভরসা।সেতুসংলগ্ন কুতুবপুর লোহারবন্দ গ্রামের শিক্ষক আবু বক্কর সিদ্দিক (৬০) বলেন, ‘ব্যক্তিগত টাকায় প্রয়াত মাহমুদ শাহ্ কাটগড়া নদীর ওপর ওই সেত ু নির্মাণ করায় এলাকার মানুষ এখনো তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে। সেতুটি ধসে পড়ায় এলাকার অরুন্নেছা উচ্চবিদ্যালয়, অরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুতুবপুর কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’কুতুবপুর কলেজের ছাত্র সজীব হোসেন বলেন, ‘বর্ষা মৌসুমে নদী ভরে গেলে নৌকার জন্য কিনারে বসে অপেক্ষা করতে হয়। এ কারণে দেরি হলে সঠিক সময়ে ক্লাস ধরা যায় না।’সরদারপাড়া গ্রামের মতিয়ার রহমান (৫৫) বলেন, ‘আগে সেতু থাকায় ধান-পাট সহজে মিঠাপুকুরে ও বদরগঞ্জের হাটে নিয়া যায়া বিক্রি করা যাইত। অ্যালা বাইসসার সমায় ধান-পাট নৌকাত করি পার করবার নাগে। ঘাটের পাড়ত সকালে গেইলে পার করাইতে বৈকাল হয়া যায়। পরে হাটোত মাল নেওয়ার লোক থাকে না। অল্প দামোত বিক্রি করবার নাগে।’প্রভাষক মামুন অর রশিদ বলেন, ‘ওই সেতুটি দুই উপজেলার ২০টি গ্রামের মানুষের সেতুবন্ধ সৃষ্টি করে রেখেছিল। অতি সহজে উভয় উপজেলার মানুষ পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারত। ধসে পড়ার মধ্য দিয়ে তা আর সম্ভব হচ্ছে না।’ ডাঙ্গিরপাড় গ্রামের গ্রামপুলিশ আবদুস সালাম (৫০) বলেন, ‘দুই উপজেলার সীমান্ত এলাকার মানুষের সংযোগ রক্ষাকারী কাটগড়া নদীর ওপর সেতুটি ধসে পড়ায় শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ সব ক্ষেত্রেই প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সেতুটি দুই উপজেলার মানুষের মধ্যে যে বন্ধন সৃষ্টি করেছিল, ধসে পড়ার মধ্য দিয়ে তা ছিন্ন হয়েছে।’ ব্যবসায়ী শমসের আলী (৪৫) বলেন, ‘আমরা এলাকার ইউপি চেয়ারম্যান, মেম্বার, এমপি ও উপজেলা চেয়ারম্যানের কাছে বারবার অনুরোধ করেছি সেতুটি নির্মাণ করার জন্য। এরপর এক বছর পেরিয়ে গেলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’কুতুবপুর ইউপির চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ বলেন, ‘ওই সেতু নির্মাণের দাবি আমিও জানাই। কারণ এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার মানুষের সেতুবন্ধ সৃষ্টিকারী শামশাহ্ সেতুটি জরুরিভাবে পুনর্নির্মাণ করা না হলে এলাকার সামগ্রিক উন্নয়ন ব্যাহত হবে।’বদরগঞ্জ উপজেলা প্রকৌশলী এ কে এম সাদেকুর রহমান বলেন, ‘সরেজমিনে দেখে ওই নদীর ওপর সেতু নির্মাণ করার প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠানো হবে।’বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় এনে অবশ্যই সেখানে সেতু নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’