শামসি বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিল পাকিস্তান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ রোববার শামসি বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। গত মাসে ন্যাটোর বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রকে এই বিমানঘাঁটি ত্যাগ করতে বলে ইসলামাবাদ। খবর জিয়ো নিউজ।পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত এই বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ার সময় দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানিয়েছে, এই বিমানঘাঁটিটি সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তরের ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে।এদিকে, পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, শনিবার রাতে একটি পরিবহন বিমান শামসি বিমানঘাঁটি থেকে মার্কিন বিমানসেনাদের অন্য একটি জায়গায় নিয়ে গেছে।

গত এক সপ্তাহে এই বিমানঘাঁটিতে প্রায় ২০টির মতো মার্কিন পরিবহন বিমান অবতরণ করে। পরিবহন বিমানগুলো দিয়ে স্পর্শকাতর যন্ত্রপাতি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এই বিমানঘাঁটি ১০ বছর ধরে ব্যবহার করে আসছিল।২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ব বাণিজ্যকেন্দ্রে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ শুরু করে। পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ বেলুচিস্তানে অবস্থিত এই বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেন।