শামসুজ্জোহা হল থেকে জিহাদি বই, রামদা ও ২৮টি লোহার রড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে ইসলামী ছাত্রশিবিরের নিয়ন্ত্রিত দুটি কক্ষ থেকে কয়েক শ জিহাদি বই, একটি রামদা ও ২৮টি লোহার রড উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় মতিহার থানার পুলিশ ওই হলে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মতিহার থানা সূত্রে জানা গেছে, শামসুজ্জোহা হলে ছাত্রশিবিরের নিয়ন্ত্রিত ৩৪৯ কক্ষে তল্লাশি চালিয়ে প্রায় প্রায় ৩০ ইঞ্চি মাপের একটি রামদা ও ২৮টি লোহার রড উদ্ধার করা হয়। ওই কক্ষে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও শামসুজ্জোহা হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ওরফে তুহিন থাকেন। পরে ওই হলের ৩১২ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে কয়েক শ জিহাদি বই উদ্ধার করা হয়। ৩১২ নম্বর কক্ষে ছাত্রশিবিরের কর্মী মুকুল হোসেন থাকতেন বলে জানা গেছে। তল্লাশি শেষে ছাত্রশিবির নিয়ন্ত্রিত ওই কক্ষ দুটি সিলগালা করে দেওয়া হয়। তবে তল্লাশির সময় ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মীই হলে বা কক্ষে ছিলেন না। ফলে পুলিশ এ ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেপ্তার করতে পারেনি।শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ মর্তুজা খালেদ বলেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যেভাবে অস্ত্র ও জিহাদি বইয়ের পাহাড় গড়ে তুলেছে তাতে মনে হয় তারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পরিবর্তে গেরিলা যুদ্ধ করার জন্য এসেছে। এসব অস্ত্র ও জিহাদি বই রাখার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। মতিহার থানার উপপরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।