বেশ মিল তাঁদের দুজনের মধ্যে। কাঁশফুলের মতো সাদা চুল। চোখে মোটা ফ্রেমের চশমা। সবচেয়ে বড় মিল, তাঁরা দুজনই কবিতার মানুষ। প্রায় একই সময়ে কবিতার মাঝে বেড়ে উঠেছেন কবি আবুল হোসেন ও কবি শামসুর রাহমান। কবিতার এই দুজন মানুষ গতকাল মঙ্গলবার ছিলেন বাংলা একাডেমীর নতুন তৈরি ভবনের সেমিনারকক্ষে। অগ্রজ কবি আবুল হোসেন এসেছিলেন হুইল চেয়ারে। গ্রহণ করেছেন শামসুর রাহমান স্মৃতি পুরস্কার। কিন্তু অনুজ শামসুর রাহমান এসেছিলেন ছবি হয়ে। ছিলেন নীরব। ছিলেন অপরিসর মিলনায়তনটিতে আগতদের মননে, স্মৃতিতে, আলোচনায়। বেঁচে থাকলে কবি শামসুর রাহমানের গতকাল ৮৩ বছর পূর্ণ হতো। তাঁকে সঙ্গে নিয়েই জন্মদিনের উৎসব হতো। না থাকার শূন্যতাকে মেনেই গতকাল জন্মজয়ন্তীর আয়োজন করে শামসুর রাহমান স্মৃতি পরিষদ। নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ এ অনুষ্ঠানে প্রথমবারের মতো শামসুর রাহমান স্মৃতি পুরস্কার দেওয়া হয় প্রবীণ কবি আবুল হোসেনকে। অনুষ্ঠান শুরুর আগেই উপস্থিত হয়েছিলেন সবাই। বর্ধমান হাউস পেরিয়ে পুকুরপাড়ে নতুন নির্মিত ভবনের সামনে কুশলাদি বিনিময় করছিলেন অতিথিরা। তাঁদের আলোচনায় শামসুর রাহমানের জন্মদিনের আনন্দ যেমন ছিল, তেমনি ছিল পশ্চিমবঙ্গের লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের অকস্মাৎ চলে যাওয়া। একজন জানালেন, অনুষ্ঠানের নির্ধারিত আলোচক কবি বেলাল চৌধুরী এই ঘটনায় পশ্চিমবঙ্গে পাড়ি দেওয়ার কারণে থাকতে পারছেন না। নির্ধারিত সময়ে শুরু হয় অনুষ্ঠান। শুরুতে সদ্যপ্রয়াত সুনীল গঙ্গোপ্যাধায়ের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সমবেত সবাই।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছের সঞ্চালনায় আয়োজিত প্রথম পর্বের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি মুহাম্মদ সামাদ। তিনি শামসুর রাহমান স্মৃতি পরিষদ, পদক প্রদান এবং অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান কবি শামসুর রাহমানকে সমকালীন প্রধান কবি পুরুষ হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর কবিতায় আমাদের কালের আশা-নিরাশা, উদ্বেগ-উৎকণ্ঠা অমর বাণীরূপে লাভ করেছে। আবুল হোসেনকে নিয়ে তাঁর স্মৃতিচারণা ছিল দর্শকের কাছে বাড়তি পাওনা। জানালেন, চল্লিশের দশকে আবুল হোসেন আজিমপুরের বাসায় তিনি এবং শামসুর রাহমান নিয়মিত আড্ডা দিতেন। সে আড্ডায় নিয়মিত নতুন কবিতা পড়া হতো। আবুল হোসেন কবিতা লেখার ব্যাপারে আমাদের উৎসাহ দিতেন, পরামর্শ দিতেন।’ তিনি শামসুর রাহমানকে সামগ্রিকভাবে পাঠ এবং অনুভব করার প্রয়োজনীয়তার কথা বলেন। অনুষ্ঠানে সম্মাননাপত্র পাঠ করেন রামেন্দু মজুমদার। পুরস্কার হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। পুরস্কার পেয়ে অভিভূত আবুল হোসেন বলেন, ‘বিগত শতাব্দীর পঞ্চাশের দশকে লেখক হবার বাসনায় একদল তরুণকে সঙ্গে পেয়েছিলাম। তাঁদের মধ্যে ছিল শামসুর রাহমান, শহীদ কাদরী, জিল্লুর রহমান সিদ্দিকী, আবদুল গাফ্ফার চৌধুরীসহ অনেকে। তাদের মধ্যে নিকটতম ছিলেন শামসুর রাহমান। কারণ তিনি আসতেন অনেক বেশি। তাঁর মতো কবিতা পাগল তরুণ লেখক আর দেখিনি। কবিতার প্রতি অনুরাগ আমাদের দুজনকে একসঙ্গে টেনেছিল, সে কথা জীবনে কখনো ভুলিনি।’ সভাপতির বক্তব্য দিতে গিয়ে আনিসুজ্জামান কবি আবুল হোসেন সম্পর্কে স্মৃতিচারণা করেন। তখন তিনি খুলনা জিলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। ‘ইকবাল’ বিষয়ে আয়োজিত একটি রচনা প্রতিযোগিতায় তিনি পুরস্কার পেয়েছিলেন। সেদিন পুরস্কার তুলে দিয়েছিলেন কবি আবুল হোসেন। কৌতুকমিশ্রিত কণ্ঠে আনিসুজ্জামান বলেন, ‘আজকে সেই প্রতিশোধ নিলাম!’ তিনি বলেন, অগ্রজ কবি হিসেবে আবুল হোসেনের সঙ্গে শামসুর রাহমানের যে সম্পকর্, তা এই পুরস্কারের মাধ্যমে আরও অটুট হবে। তাঁরা দুজনই আমাদের বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছেন।পুরস্কার দেওয়া-নেওয়া আর আলোচনার পরে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বে শামসুর রাহমানকে নিবেদিত কবিতা পাঠ করেন কবি রবিউল হুসাইন, হাবীবুল্লাহ সিরাজী, রুবী রহমান ও কবি-নাতনি দীপিতা রাহমান। শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করেন লায়লা আফরোজ, শাহাদাৎ হোসেন ও রফিকুল ইসলাম। গান পরিবেশন করেন শিল্পী মিতা হক, মহাদেব ঘোষ ও সুমা রানী রায়। প্রত্যেক শিল্পী দুটি করে গান শোনান। এ পর্বে আরও বক্তৃতা দেন কবি আসাদ চৌধুরী ও আনিসুল হক।