শামসুর রাহমানের স্ত্রী জোহরা রাহমান মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের স্ত্রী জোহরা রাহমান (৭৭) গতকাল শুক্রবার বিকেলে মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।জোহরা রাহমানের মৃত্যুর খবর শুনে কবি, সাহিত্যিক, রাজনীতিবিদসহ বিশিষ্টজনেরা তাঁর শ্যামলীর বাসায় ছুটে যান। তাঁরা শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।জোহরা রাহমানকে আজ শনিবার পুরান ঢাকার বেগম বাজারের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গতকাল রাতে এসওএস শিশুপল্লী জামে মসজিদে তাঁর জানাজা হয়। শামসুর রাহমানের পুত্রবধূ টিয়া রহমান প্রথম আলোকে বলেন, কবিপত্নী জোহরা বেগম বহুমূত্রসহ (ডায়াবেটিস) নানা অসুখে ভুগছিলেন। তা ছাড়া ছিল বার্ধক্যজনিত সমস্যা। সম্প্রতি তাঁর অসুস্থতা বেড়ে যায়। অবস্থা খারাপ হলে তাঁকে গত বুধবার রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। টিয়া রাহমান বলেন, জোহরা রাহমানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তিনি পক্ষাঘাতেও আক্রান্ত হন। জোহরা রাহমান ১৯৩৩ সালের ৭ এপ্রিল পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড এলাকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর স্বামী কবি শামসুর রাহমান ২০০৬ সালের ১৭ আগস্ট শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এই দম্পতি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।প্রধানমন্ত্রীর শোক: বাসস জানায়, জোহরা রাহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এ ছাড়া তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং তথ্যসচিব হেদায়েতুল্লাহ জোহরার মৃত্যুতে শোক প্রকাশ করেন।