ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।আজ বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন।আজ রোববার দুপুরে রাজধানীর সবুজবাগ থানার বাসিন্দা মোহাম্মদ হুসাইন আখন্দ একই আদালতে মামলাটি দায়ের করেছিলেন।মামলার রায়ে বলা হয়, দণ্ডবিধি ২৯৫(ক) ধারায় মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমতি লাগে। কিন্তু এ মামলায় অভিযোগের বিষয়ে কোনো উপাদান না থাকায় এবং সরকারের কোনো অনুমোদন না থাকায় আদালত মামলাটি সরাসরি খারিজ করে দিয়েছেন।মামলার অভিযোগে বলা হয়েছিল, ভোলা-৩ আসনে উপনির্বাচন সম্পর্কে ১৬ এপ্রিল বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে সিইসি বলেন, ‘সেনাবাহিনী ফেরেস্তা নয় যে তারা এলেই সব ঠিক হয়ে যাবে। সেনাবাহিনী কেন, স্বয়ং আল্লাহতায়ালা নেমে এলেও কিছু করতে পারবে না।’সিইসির এ ধরনের বক্তব্যে মুসলমানদের ধর্ম ও বিশ্বাসকে অবমাননা করা হয়েছে। এ অভিযোগে আজ এ মামলা করা হয়েছিল।