শামীম আ.লীগের প্রার্থী, স্পষ্ট করলেন হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমানই আওয়ামী লীগের প্রার্থী। কাল মঙ্গলবার রাতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দলীয় সমর্থনের বিষয়টি স্পষ্ট করেন। জানতে চাইলে জনাব হানিফ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে বলার কিছু নেই। কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমেই দলীয় সমর্থন কার দিকে, সে বিষয়টি প্রকাশ পেয়েছে। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধির মধ্য থেকে যতটুকু সমর্থন শামীম ওসমানের পক্ষে দেওয়া যায়, ততটুকু সমর্থন দেওয়া হয়েছে। শুরু থেকেই আওয়ামী লীগের প্রার্থী-সমর্থন নিয়ে দলীয় নেতাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। দলের দুই সম্ভাবনাময় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানের মধ্যে কাকে সমর্থন দেওয়া হবে, তা নিয়ে দলের উচ্চপর্যায় সিদ্ধান্তহীনতায় পড়ে যায়। দুই প্রার্থীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা কয়েক দফা বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ১২ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দলের পক্ষ থেকে শামীমকে সমর্থন দিয়ে আইভীকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে বলা হয়। দলের একজন সভাপতিমণ্ডলীর সদস্য ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আইভীকে দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। কিন্তু আইভী নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে অটল থাকেন। ১৩ অক্টোবর আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী নারায়ণগঞ্জে গিয়ে শামীমের পক্ষে বক্তব্য দেন। পরদিন মাহবুব উল আলম হানিফ সংবাদ ব্রিফিংয়ে কাউকে সমর্থন দেওয়া হয়নি বলে জানান। ফলে আওয়ামী লীগের প্রার্থী-সমর্থন নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়।আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, এখন কোনো অস্পষ্টতা নেই। শামীম ওসমানই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।